রচনার মুখে শুধুই বিজেপি! যা বললেন, তুঙ্গে উঠল জল্পনা
আজকাল | ১৬ জুলাই ২০২৬
মিল্টন সেন, হুগলি: রাজ্যে পালাবদলের পরই দলবদলের হিড়িক পড়ে গিয়েছে। তৃণমূলের ছোট থেকে বড় সমস্ত মাপের নেতা শাসক দলের ছাতার তলায় আশ্রয় নিয়েছেন। চলছে 'ভাল তৃণমূল', 'খারাপ তৃণমূল' তরজা। দলবদল করেছেন জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জিও। এ বার সেই সিদ্ধান্ত নিয়ে চুঁচুড়ার এক অনুষ্ঠানে মুখ খুললেন তিনি।
হুগলি জেলাস্তরে দিশা কমিটির অনুষ্ঠানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন সাংসদ রচনা ব্যানার্জি। চুঁচুড়ার বিধায়ককে পাশে নিয়ে এদিন তিনি বলেন, "চুঁচুড়ায় খুব ভালো বিধায়ক পেয়েছি। অনেক স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম। কিছুই মিলছেনা। উল্টে তাতে ব্যাঘাত ঘটেছে। তাই দল পরিবর্তন করেছি। আমরা মোদিজি, অমিত শাহজি, শুভেন্দুদার সাপোর্টার।"
এদিন রচনা আরও বলেন, "অনেক স্বপ্ন আছে। এখানে যদি দাদার সহযোগিতা পাই, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা পাই তাহলে আমাদের হুগলির প্রচুর উন্নয়ন হবে। চুঁচুড়ায় এবার মনের মত বিধায়ক পেয়েছি। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সাপোর্টার। মোদিজি অমিত শাজি এবং শুভেন্দুদার সমর্থক। আমরা জানি ভাল কাজ হবে। আমরা আর কিছু চাইনা।"
তিনি জানান, আগে কী হয়েছে বা কী হত না, তা নিয়ে তিনি ভাবিত নন। সেসব নিয়ে পোস্টমর্টেম করতে চাননা তিনি।
তাঁর বক্তব্য, "আমাদের লক্ষ্য এখন রাজ্যের উন্নয়ন। আগামী ২১ শে জুলাই একটা আবেগময় দিন। এটার মধ্যে 'ভাল তৃণমূল' 'খারাপ তৃণমূল' এসব নেই। এগুলোকে পিছনে ফেলে রেখে যাঁরা ওই দিন শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনায় দিনটাকে পালন করা উচিত। যাঁরা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস করছেন, তাঁদের সঙ্গে আমার বক্তব্যের ফারাক থাকবে। আমি একটা অন্য জায়গা থেকে এসেছি। আমার কোনও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। আমি যা যা উপলব্ধি করেছি। যে স্বপ্ন নিয়ে এসেছিলাম সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই দল পরিবর্তন করেছি। বাকিরা কি মতামত দেবে, সেটা তাঁদের ব্যাপার।"