• কলকাতায় এ বার চালক ছাড়াই ছুটবে মেট্রো, পুজোর আগেই বড় ঘোষণার সম্ভাবনা
    এই সময় | ১৫ জুলাই ২০২৬
  • তীর বেগে ছুটছে মেট্রো। নির্দিষ্ট স্টপেজে দাঁড়াচ্ছে। যাত্রী উঠছে, নামছে। কিন্তু মেট্রোয় চালক নেই। অথচ সবই হচ্ছে নির্বিঘ্নে। খুব শীঘ্রই এমন দৃশ্য দেখা যাবে কলকাতায়। মঙ্গলবার ‘এই সময় লাইভ’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিলেন কলকাতা মেট্রোর DGM এবং CPRO এসএএস কান্নান।

    ইতিমধ্যে সুষ্ঠু ভাবে ট্রায়াল রান হয়েছে। চালকবিহীন মেট্রোয় ছাড়পত্রও দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। এখন শুধু চালু হওয়ার অপেক্ষা। চালকবিহীন মেট্রোয় CBTC সিস্টেম থাকবে বলে জানিয়েছেন কান্নান। তাঁর কথায়, ‘এটা হলো কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম। অত্যন্ত সূক্ষ একটা ব্যবস্থা।’ এর সঙ্গে সাধারণ রেল ব্যবস্থার কোনও তুলনা করতে নারাজ তিনি। কান্নানের কথায়, ‘কলকাতা মেট্রোর পুরো সিস্টেমটাই অত্যন্ত আধুনিক। ওপেন লাইন বা লোকাল ট্রেনের সঙ্গে কোনও তুলনাই চলে না।’

    তবে চালক কি একেবারেই থাকবে না? তা নয়। তবে তাঁর কাজ হবে অনেকটা দর্শকের মতো। কান্নান বলছেন, ‘চালক বা লোকো পাইলট কেবিনেই থাকবেন। মূলত ট্রেন স্টার্ট করা, জরুরি পরিস্থিতিতে বিশেষ ঘোষণা বা ট্রেন চলাকালীন কোনও টেকনিক্যাল সমস্যা দেখা দিলে তা তৎক্ষণাৎ সামাল দেওয়াই হবে তাঁর মূল কাজ।’

    মেট্রো কর্তৃপক্ষের দাবি, অটোমেটিক ট্রেন অপারেশন (ATO), অটোমেটিক ট্রেন সুপারভিশন (ATS) এবং অটোমেটিক ট্রেন কন্ট্রোল (ATC) ব্যবস্থা চালু হলে ট্রেন পরিচালনা আরও নিখুঁত হবে। বর্তমানে দুই ট্রেনের মধ্যে ন্যূনতম ব্যবধান প্রায় ছয় মিনিট। নতুন প্রযুক্তিতে তা আরও কমিয়ে ঘনঘন চালানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

    বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে CBTC বা কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম রয়েছে বলে সূত্রের খবর। ফলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটেই প্রথম চালকবিহীন মেট্রো চালুর সম্ভাবনা রয়েছে। তবে প্রথম কোন রুটে চলবে তা নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি কর্তৃপক্ষ। খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)