• বেসরকারি হাসপাতাল এবং রাইস মিলে যৌথ তল্লাশি, আয়কর দপ্তরের হানা নিয়ে চাঞ্চল্য বর্ধমানে
    এই সময় | ১৫ জুলাই ২০২৬
  • বর্ধমান শহরের একটি বেসরকারি হাসপাতালে হানা দিল আয়কর দপ্তর। একই সঙ্গে তল্লাশি চালানো হয়েছে পূর্ব বর্ধমান জেলার রায়না এলাকার একটি রাইস মিলেও। মঙ্গলবার, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এক যোগে এই তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। হঠাৎ এই অভিযানে হাসপাতাল ও ব্যবসায়িক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

    আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে, আর্থিক লেনদেনের অসঙ্গতি এবং সম্ভাব্য কর ফাঁকির অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার সকালে একাধিক দলে বিভক্ত হয়ে আয়কর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছন। বর্ধমান শহরের বেসরকারি হাসপাতালের পাশাপাশি রায়না থানার একটি রাইস মিলেও শুরু হয় ব্যাপক তল্লাশি। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করে। নিরাপত্তার স্বার্থে হাসপাতাল ও রাইস মিল চত্বর ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই তল্লাশি চালানোর সময়ে বাইরে থেকে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়।

    সূত্রের খবর, দু'টি জায়গা থেকেই আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক অভিযোগ আসে। এরই ভিত্তিতে মঙ্গলবার ওই তল্লাশি অভিযান চালানো হয়। জানা গিয়েছে, এই তল্লাশিতে বেসরকারি ওই হাসপাতালের আর্থিক নথিপত্র, রোগীদের বিল সংক্রান্ত তথ্য, ব্যাঙ্ক লেনদেনের হিসাব এবং অন্যান্য আর্থিক রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। অন্য দিকে, রাইস মিলে কেনাবেচার হিসাব, মজুত পণ্যের তথ্য, লাইসেন্স সংক্রান্ত নথি এবং কর সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করছেন তদন্তকারী আধিকারিকরা। এ ছাড়াও কম্পিউটার, হার্ডডিস্ক ও গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্যও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

    একই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার একটি বেসরকারি হাসপাতাল ও বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে একযোগে আয়কর দপ্তরের এই অভিযান নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ব্যবসায়ী মহলে। তবে এই অভিযান নিয়ে কোনও মন্তব্য করেননি তদন্তকারী আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)