• সেমিতেই কি স্বপ্নভঙ্গ হবে মেসির? ৫৩০ কোটি ডলারের বেটিং মার্কেট বাজি ধরছে কোন দলের উপর?
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • এক মাসেরও বেশি সময় ধরে চলা লড়াই, ১০০টির বেশি ম্যাচ আর অসংখ্য নাটকীয় মুহূর্তের পর ২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন শেষ বাঁকে। শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র চার দল — ফ্রান্স, আর্জেন্তিনা, স্পেন এবং ইংল্যান্ড। এই সেমিফাইনাল লাইনআপও ইতিহাস গড়েছে। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম বিশ্বের এক থেকে চার নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা চারটি দল একসঙ্গে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে। শুধু তা-ই নয়, ১৯৯০ সালের পর এই প্রথম সেমিফাইনালে ওঠা চারটি দলই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন।

    এ বার ৪৮ দলের বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ। টুর্নামেন্টে দেখা গিয়েছে একাধিক চমক, অঘটন এবং অনেক বড় দলের বিদায়। তবে সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফুটবলের সবচেয়ে শক্তিশালী চার দেশ। এখন শিরোপা জিততে তাদের দরকার আর মাত্র দু’টি জয়।

    সেমিফাইনালে মহারণ, কারা এগিয়ে?

    ভারতীয় সময় অনুযায়ী ১৫ জুলাই টেক্সাসের আর্লিংটনে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। একদিন পরে আটলান্টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্তিনার বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড। এর পর ১৯ জুলাই তৃতীয় স্থানের ম্যাচ এবং ২০ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।

    বেটিং মার্কেটের হিসাব বলছে, স্পেনের বিরুদ্ধে ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে ফ্রান্স। কালশির (Kalshi) পূর্বাভাস অনুযায়ী, ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৯ শতাংশ, যেখানে স্পেনের সম্ভাবনা ৪১ শতাংশ।

    অন্য সেমিফাইনালটি অনেক বেশি হাড্ডাহাড্ডি বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হচ্ছে ৫৪ শতাংশ, আর আর্জেন্তিনার ৪৬ শতাংশ। পলিমার্কেটও (Polymarket) প্রায় একই ছবি দেখাচ্ছে। তাদের হিসাবেও সবচেয়ে সম্ভাব্য ফাইনাল ফ্রান্স বনাম ইংল্যান্ড।

    শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স

    বিশ্বকাপ জয়ের সম্ভাবনার হিসাবেও সবচেয়ে এগিয়ে ফ্রান্স। দুই বড় পূর্বাভাস প্ল্যাটফর্মের হিসাব বলছে, প্রায় ৩৯ শতাংশ মানুষ মনে করছেন দিদিয়ের দেশঁর (Didier Deschamps) ফ্রান্সই এ বার বিশ্বকাপ জিতবে। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের পক্ষে প্রায় ২২ শতাংশ পূর্বাভাস রয়েছে। খুব কাছেই আছে স্পেন, তাদের সমর্থন ২১ শতাংশের মতো।

    সবচেয়ে অবাক করা তথ্য আর্জেন্তিনাকে নিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং দলে লিওনেল মেসির মতো তারকা থাকা সত্ত্বেও চার দলের মধ্যে সবচেয়ে কম সমর্থন পাচ্ছে তারা। মাত্র ১৮ শতাংশ পূর্বাভাসে আর্জেন্তিনাকে শিরোপা ধরে রাখার সম্ভাব্য দল হিসেবে দেখা হচ্ছে।

    পলিমার্কেটের হিসাব অনুযায়ী, সবচেয়ে সম্ভাব্য ফাইনাল ফ্রান্স বনাম ইংল্যান্ড। এর পর রয়েছে ফ্রান্স বনাম আর্জেন্তিনা, স্পেন বনাম ইংল্যান্ড এবং স্পেন বনাম আর্জেন্তিনা।

    গোল্ডেন বুটে মেসি-এমবাপে টক্কর

    টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই এখন গোল্ডেন বুটের। সেমিফাইনালের আগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথ ভাবে শীর্ষে রয়েছেন কিলিয়ান মবাপে এবং লিওনেল মেসি। দু'জনেরই গোলসংখ্যা ৮। ৬ গোল নিয়ে এখনও লড়াইয়ে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন।

    তবে বেটিং মার্কেটের ধারণা, শেষ পর্যন্ত গোল্ডেন বুট জিততে পারেন এমবাপে। পলিমার্কেটে ৫৬ শতাংশ এবং কালশিতে ৬১ শতাংশ মানুষ তাঁর পক্ষে মত দিয়েছেন। মেসি যথাক্রমে ৩৪ ও ৩১ শতাংশ সমর্থন পেয়েছেন। হ্যারি কেন অনেকটাই পিছিয়ে।
  • Link to this news (এই সময়)