• নবম-দশমেও তৃতীয় ভাষার পরীক্ষায় পাশ বাধ্যতামূলক! সিবিএসই-র নির্দেশিকার ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট
    প্রতিদিন | ১৫ জুলাই ২০২৬
  • নবম-দশম শ্রেণির পরীক্ষায় তৃতীয় ভাষাতেও পাশ করতে হবে। তবেই মিলবে দশমের বোর্ডের পরীক্ষায় বসার ছাড়পত্র। জানিয়ে দিল সিবিএসই। আরও জানানো হয়েছে, ২০২৭-২৮ শিক্ষাবর্ষে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় তৃতীয় ভাষার প্রশ্নপত্র থাকবে না। কিন্তু ওই পরীক্ষায় বসার জন্য দুটি দেশীয় ভাষার পাশাপাশি তৃতীয় ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

    জাতীয় শিক্ষানীতি মেনেই পাঠক্রমে বদল এনেছে সিবিএসই। জুলাই মাসের শুরু থেকেই ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। নবম-দশম শ্রেণিতে বোর্ডের পরীক্ষার প্রস্তুতির চাপ নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকদের একাংশ। এরপরেও দু’টি দেশীয় ভাষার সঙ্গে তৃতীয় একটি ভাষাও শিখতে হবে, জানিয়েছে ইংরেজি মাধ্যম স্কুলবোর্ড। যদিও চলতি বছরে যে পড়ুয়ারা দশমের পরীক্ষা দিচ্ছে, তাদের ছাড় দেওয়া হচ্ছে এক্ষেত্রে। সিবিএসই-র তরফে জানানো হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণিতে পড়ছে এবং ২০২৭-২৮ শিক্ষাবর্ষে যারা দশম শ্রেণিতে পড়বে তাদের জন্য এই নিয়ম। যদিও বিশেষ ক্ষেত্রে তৃতীয় ভাষার ছাড় দেওয়ার কথাও ভেবেছে সিবিএসই।

    এদিকে বিষয়টি নিয়ে মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। সিবিএসই-র জারি করা নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের হয়েছে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট মঙ্গলবার একটি নোটিস জারি করেছে। সেখানে স্কুল বোর্ডের নির্দেশিকায় দেশীয় ভাষা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে সর্বোচ্চ আদালত। দুই সপ্তাহের মধ্যে জবাব চেয়েছেন বিচারপতিদের বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি হবে ২২ জুলাই।
  • Link to this news (প্রতিদিন)