• রাস্তা থেকে স্বাস্থ্য, সবই বদলাবে! মালদহের সীমান্ত গ্রাম নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা
    News18 বাংলা | ১৫ জুলাই ২০২৬
  • ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মালদহের গ্রামগুলিকে আধুনিক পরিকাঠামোয় গড়ে তুলতে বড় উদ্যোগ নিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্পের আওতায় জেলার ছয়টি ব্লকের মোট ২৯টি সীমান্তবর্তী গ্রামকে বিশেষ উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও অন্যান্য আধুনিক পরিকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই প্রকল্পকে সামনে রেখে পুরাতন মালদহ ব্লকের সীমান্তবর্তী আদমপুর গ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে ‘আমার গ্রাম, আমার কল্পনা’ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যা ও উন্নয়নের প্রস্তাব শোনেন প্রশাসনিক আধিকারিকরা।

    জেলাশাসক রাজনবীর সিং কাপুর বলেন, “সীমান্তের এই গ্রামগুলো দেশের শেষ নয়, ওপার থেকে দেখলে এটাই ভারতের প্রথম গ্রাম। তাই এই এলাকাগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রামবাসীদের মতামতের ভিত্তিতেই উন্নয়নের কাজ করা হবে। পাশাপাশি সীমান্তে মহানন্দা নদী পরিষ্কার করে গঙ্গা আরতির ব্যবস্থা এবং মহামায়া মন্দিরের সৌন্দর্যায়নের পরিকল্পনাও রয়েছে।”

    স্থানীয় বাসিন্দা জয়ন্তী দাস বলেন, “রাস্তায় আলো, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা-সহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসন উদ্যোগ নিয়েছে। সীমান্তের গ্রামকে নতুনভাবে গড়ে তোলার এই পরিকল্পনাকে আমরা স্বাগত জানাই।”

    স্থানীয় সাংসদ খগেন মুর্মু জানান, “‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্পের মাধ্যমে সীমান্তবর্তী গ্রামগুলিকে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হবে। প্রথম পর্যায়ের পর এবার দ্বিতীয় পর্যায়ে মালদহের গ্রামগুলিতেও উন্নয়ন, সৌন্দর্যায়ন ও পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হবে।”

    জেলা প্রশাসনের দাবি, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলির সার্বিক উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে মালদহের ২৯টি সীমান্ত গ্রামে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)