তৃণমূলের ওবিসি মামলা প্রত্যাহার BJP সরকারের, চাকরি নিয়োগের পথ খুলল
আজ তক | ১৫ জুলাই ২০২৬
আগের তৃণমূল সরকার ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। তার ওপর কলকাতা হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আপিল করেছিল। রাজ্যের বর্তমান বিজেপি সরকার এটি প্রত্যাহার করে নিয়েছে।
সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, রাজ্য মন্ত্রিসভা এই আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণি কমিশনও আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়ের মাধ্যমে তাদের পৃথক আপিলটি প্রত্যাহার করে নেয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে। তবে প্রধান বিচারপতি জানিয়েছেন, অন্য কোনও পক্ষ চাইলে নিজেদের মামলা চালাতে পারবে।
প্রকৃতপক্ষে, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৭৭টি সম্প্রদায়কে, যাদের অধিকাংশই মুসলিম, ওবিসি শ্রেণিতে অন্তর্ভুক্ত করার একটি আদেশ জারি করেছিলেন। যেটির ওপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। সেই সময় সরকার কলকাতা হাইকোর্টের এই স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি আপিল দায়ের করে। বর্তমান বিজেপি সরকার এটি প্রত্যাহার করার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ জানায়।
৭৭টি সম্প্রদায়কে অন্তর্ভুক্তির সিদ্ধান্তে চাকরি নিয়োগে যে জটিলতা তৈরি হয়েছিল তা আর রইল না।
২০১০ সালের পর ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৭৭টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যে ৭৭টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাতিল করে হাইকোর্ট, তার মধ্যে ৭৫টি মুসলিম সম্প্রদায়। ২০২৪ সালের মে মাসে হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল।