• সীমান্তে মহিলাদের সুরক্ষায় এবার 'দুর্গা বাহিনী'! বিপদে পড়লে কীভাবে মিলবে সাহায্য? জানুন
    News18 বাংলা | ১৫ জুলাই ২০২৬
  • : মোড়ে মোড়ে মেয়েদের পাশে দুর্গা বাহিনী, নিরাপত্তার বার্তা সীমান্ত এলাকায়। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে স্বরূপনগর বিধানসভা এলাকার বিভিন্ন জনবহুল স্থানে টহল দেওয়ার পাশাপাশি সচেতনতামূলক অভিযান চালাচ্ছে দুর্গা বাহিনী।

    এরই অংশ হিসেবে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকের বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিথারী ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছয় দুর্গা বাহিনী। সেখানে পথচলতি মহিলা, কিশোরী ও ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন দলের সদস্যরা। তাদের বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি যেকোনও বিপদের সময় নির্ভয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান। দুর্গা বাহিনীর সদস্যরা জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সহায়তা পাওয়ার বিষয়ে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন সরকারি নিরাপত্তা পরিষেবা ও সহায়তা ব্যবস্থা সম্পর্কেও সাধারণ মানুষকে অবহিত করা হয়।

    এই অভিযানে বসিরহাট পুলিশ জেলার পিংক মোবাইল সর্বক্ষণ উপস্থিত থেকে নিরাপত্তা ও সহায়তার বার্তা পৌঁছে দেয়। সীমান্তবর্তী এলাকার মহিলাদের কাছে পুলিশের এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করা হচ্ছে। এদিন বহু পথচলতি মহিলা ও কিশোরী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের বক্তব্য, এমন কর্মসূচি নারীদের মধ্যে নিরাপত্তাবোধ ও আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলে। পাশাপাশি রাজ্য সরকার ও বসিরহাট পুলিশ জেলার এই উদ্যোগের জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
  • Link to this news (News18 বাংলা)