রোজ পাতে ডিম! তাও মাত্র ২ টাকায়! অবাক হচ্ছেন? ভাবছেন বাজারে ডিম ৮ থেকে ৯ টাকা, আর এখানে মাত্র ২ টাকা! জলপাইগুড়ির এই জায়গাতেই মিলছে এত সস্তায় ডিম। মূল্যবৃদ্ধির বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই স্বস্তির খবর এনে দিচ্ছে রাজ্য সরকারের একটি উদ্যোগ। জলপাইগুড়ির মোহিতনগর এলাকার রাজ্য পরিচালিত পোলট্রি ফার্মে মিলছে ডিম মাত্র ২ টাকা থেকে ৬ টাকায়। আর এই খবর ছড়াতেই প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সেখানে লম্বা লাইন পড়ছে ক্রেতাদের।
এই ফার্মে মূলত তিন ধরনের ডিম বিক্রি করা হয়। সম্পূর্ণ স্বাভাবিক ও ভাল মানের ডিমের দাম রাখা হয়েছে ৬ টাকা। তুলনামূলক ছোট আকারের ডিম পাওয়া যাচ্ছে ৪ টাকায়। অন্যদিকে, খোলসে সামান্য ফাটল বা ত্রুটি থাকা ডিমের দাম মাত্র ২ টাকা। বাজার দরের তুলনায় অনেক কম হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এই ডিমের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু কিভাবে সম্ভব এত কমে ডিম দেওয়া?
ফার্ম সূত্রে জানা গিয়েছে, এখানে ‘রোড আইল্যান্ড রেড’ প্রজাতির মুরগি পালন করা হয়। এই ফার্ম শুধু ডিম উৎপাদনেই সীমাবদ্ধ নয়, ডিম থেকে বাচ্চা উৎপাদনও করা হয়। সেই বাচ্চাগুলি রাজ্য সরকারের উদ্যোগে গ্রামাঞ্চলের মহিলাদের মধ্যে বিতরণ করা হয়, যাতে তারা মুরগি পালন করে স্বনির্ভর হতে পারেন। এছাড়াও, মুরগির বর্জ্য থেকে জৈব সার তৈরি করা হচ্ছে, যা কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের সহকারী প্রদীপ কুমার সাহা জানান, সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই কম দামে ডিম বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে নির্দিষ্ট দিনে, বিশেষ করে বৃহস্পতিবার, এই সুবিধা পাওয়া যায়।বাজারে যখন প্রতিনিয়ত দাম বাড়ছে, তখন এই উদ্যোগ নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।
তবে এই সুবিধা নিতে গেলে কিছুটা ধৈর্য ধরতেই হচ্ছে সাধারণ মানুষকে। সকাল হতেই ফার্মের সামনে ভিড় জমে যাচ্ছে, অনেকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নিজের পালার জন্য। তবুও কম দামে ভাল মানের ডিম পাওয়ার আশায় সেই অপেক্ষা যেন কষ্টকর মনে হচ্ছে না কারও।নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বড় ভূমিকা সাধারণ মানুষের বেশ প্রশংসা কুড়াচ্ছে।