আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই বড় জল্পনা। কলেজ স্কোয়ারের পুজোর মাথায় বসছেন শমীক ভট্টাচার্য। জল্পনা ছড়ায় সভাপতি পদ নিয়ে। অন্যদিকে পুজো কমিটির কথাউ চেয়ারম্যান পদ নিয়েও ইঙ্গিত মেলে। তবে তখনও পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের তরফে কোনও বার্তা পাওয়া যায়নি। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের স্পষ্ট বার্তা জানালেন বিজেপি নেতা।
একদিকে যেমন জানালেন নিজের সিদ্ধান্ত। তেমনই বার্তা দিলেন গেরুয়া শিবিরের অন্যায় নেতাদের প্রতিও। শমীক কী লিখলেন? নিজের অবস্থান স্পষ্ট করে লিখেছেন, 'কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর সভাপতি আমি হচ্ছি না। শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজোর সভাপতি আমি হব না, কিংবা কোনও পুজোর পরিচালনার দায়িত্ব নেব না।'
সঙ্গেই লিখেছেন, 'একজন বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার কোনও পুজো কমিটির সভাপতি হতে পারেন—সেটা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার অর্থ এই নয় যে, রাস্তায় বেরিয়ে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা রাজনৈতিক দলের নেতারা নিজেদের হাতে তুলে নেবেন।'
শুধু এটুকুই নয়, আরও বড় বার্তা দিয়েছেন বিজেপি নেতা। স্পষ্ট লিখেছেন, 'দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়।
পুজো কমিটিগুলির স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ থাকুক—এই বিশ্বাস থেকেই আমাদের এই সিদ্ধান্ত। উৎসবের আনন্দ মানুষের হাতে থাকুক, রাজনীতির দখলে নয়।'
তবে, এই জল্পনা প্রসঙ্গে কলেজ স্কোয়ার পুজো সম্পাদক ভ্রমর সেন জানান, 'আমরা শমীক বাবুকে খুবই শ্রদ্ধা করি। তাঁর কথা বার্তায়,আচার আররণে মুগ্ধ। রাজনীতির বাইরে গিয়ে, তাঁকে চেয়ারম্যান করতে চাইছি আমরা। আমরা জানিয়েছি সেকথা। একইসঙ্গে বৃহস্পতিবার আমাদের খুঁটিপুজোতে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তিনি উপস্থিত থাকবেন জানিয়েছেন।' তবে, তারপরেই সামনে এল শমীকের বিবৃতি।