• আরজি কর কাণ্ডে এবার তলব এক চিকিৎসককে!
    আজকাল | ১৫ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এবার অভয়া আন্দোলনের চিকিৎসক পবিত্র গোস্বামীকে কলকাতা পুলিশের তলব! তিন দিনের মধ্যে হাজিরা না হলেই গ্রেপ্তার! শহরের ঐতিহ্যবাহী টালা এলাকায় ফের ছড়াল উত্তেজনা। টালা থানায় রুজু হওয়া ২০২৪ সালের মামলা নম্বর ৬৬-এর তদন্তে নতুন মোড়। পুলিশ জারি করেছে কড়া সমন, তিন দিনের মধ্যে হাজির না হলেই গ্রেপ্তার! 

    ২০২৪ সালের ২৭ আগস্ট রুজু হওয়া মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১১৮(১)-এর অধীনে তদন্ত চলছিল বিগত দুই বছর ধরে। রাজ্যে পালাবদলের পর সেই তদন্তে গতি আরও বেড়ে ওঠে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের এক পর্যায়ে এমন কিছু তথ্য উঠে এসেছে যা থেকে স্পষ্ট চিকিৎসক পবিত্র গোস্বামী (৫৭) সঙ্গে সরাসরি যুক্ত। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ধারা ৩৫(৩)-এর ক্ষমতাবলে টালা থানার তদন্তকারী কর্মকর্তা ওই ব্যক্তিকে নোটিশ পাঠিয়েছেন। 

    নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে—নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে টালা থানায় (৪, ইন্দ্র বিশ্বাস রোড, কলকাতা-৩৭) হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। অন্যথায় ধারা ৩৫(৬) অনুযায়ী গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হবে। 

    স্থানীয় সূত্রে আরও খবর, এই মামলাটি নিয়ে এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, তদন্তের গতি বাড়লে আরও বড় কোনও রহস্য উন্মোচিত হতে পারে। পুলিশ অবশ্য এখনও এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে সমনপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতি যে তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ ক্রমাগত দানা বাধছে ও স্পষ্ট হচ্ছে। 

    পুলিশ নোটিশ জারি করে জানিয়েছে, “তদন্তে সহযোগিতা করুন। সময়মতো হাজির হোন। নইলে আইন তার নিজস্ব গতিতে চলবে।” এই ঘটনায় এলাকাবাসী এখন চোখ রেখেছেন টালা থানার দিকে। শুরু হয়ে গেছে সময় গোনার পালা। হাজির হবেন নাকি গ্রেপ্তারের ঝুঁকি নেবেন, উত্তরটা এখন চিকিৎসক পবিত্র গোস্বামীর হাতেই।
  • Link to this news (আজকাল)