রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নের অদূরে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় ডাকাতি। জনবহুল চ্যাটার্জিহাট বাজারের পিছনে একটি চারতলা বাড়িতে রবিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ওই পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রচুর সোনাগয়না এবং নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে।
পরিবার জানিয়েছে, ঘটনার দিন বাড়ির বাশে একটি মন্দিরে পুজো ছিল। সেই উপলক্ষে ভোগ বিতরণ চলছিল রাতে। বাড়ির কর্তা এবং গৃহিণী সেখানেই ছিলেন। বাড়িতে ছিল তাঁদের নাবালক ছেলে এবং মেয়ে। অভিযোগ, রাতের দিকে বাড়ির ভিতরে বাইক ঢোকাতে নীচে নেমেছিল ছেলেটি। সেই সময়েই তার উপরে চড়াও হয় এক দুষ্কৃতী। অপর দু’জন সেই ফাঁকে ঘরে ঢুকে পড়ে। তার পরেই আলমারি খুলে চলে লুটপাট। নাবালকের হাতে ছুরি চালানো, তার বোনের মাথায় বন্দুক ঠেকানোরও অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
আক্রান্ত নাবালকের মা বলেন, ‘আমরা পুজোর ওখানেই ছিলাম। সেই সময়েই ঘটনাটা ঘটে। ওরা তিন জন এসেছিল। তিন জনেই মুখে কালো কাপড় বেঁধে এসেছিল। ছেলের কাছে আলমারির চাবি চেয়েছিল ওরা। কিন্তু ছেলে প্রথমে চাবি দিতে রাজি হয়নি। এর পরেই দুষ্কৃতীরা আমার মেয়ের মাথায় বন্দুক ঠেকায়। তাতেই ভয় পেয়ে দাবি দিয়ে দেয় ছেলে।’ ওই বাড়িতে একটি পোষ্য কুকুরও রয়েছে। তাকেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
গোটা ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। তার ভিত্তিতে তদন্তেও নেমেছে পুলিশ। তদন্তকারীদের সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।