রাজ্যের ওবিসি তালিকায় ৭৫টি মুসলিম সম্প্রদায়-সহ মোট ৭৭টি গোষ্ঠীর অন্তর্ভুক্তির বিষয়টি বাতিল করে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিল পশ্চিমবঙ্গ সরকার।
সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান যে, রাজ্য মন্ত্রিসভা এই আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণি কমিশনও আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়ের মাধ্যমে তাদের পৃথক আপিলটি প্রত্যাহার করে নেয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে যে, অন্য কোনও পক্ষ চাইলে নিজেদের মামলা চালিয়ে যেতে পারবে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় দু’টি নতুন বিল পাশ করিয়ে রাজ্যের ওবিসি সংরক্ষণের পুরো কাঠামো ফিরিয়ে এনেছে শুভেন্দু অধিকারীর সরকার। তাতে ২০১০ সালের আগের সমীক্ষার ভিত্তিতে স্বীকৃত শুধুমাত্র ৬৬টি সম্প্রদায়কেই ওবিসি তালিকায় রাখা হয়েছে। ওবিসি স্বীকৃতি বাদ গিয়েছে ৭৭টি সম্প্রদায়ের।
ধর্মের ভিত্তিতে মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করে সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছে— এই যুক্তিতে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে বাম জমানার শেষ পর্ব থেকে তৃণমূল জমানার গোড়া পর্যন্ত ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল। গত দু’বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছিল। রাজ্যে পালাবদলের পরেই নতুন বিজেপি সরকার জানিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে তারা সেই মামলা প্রত্যাহার করে নেবে।