বিধায়কের সদ্যজাতর নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেমন চমক রাখলেন শুভেন্দু?
দৈনিক স্টেটসম্যান | ১৩ জুলাই ২০২৬
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার সদ্যজাত কন্যার নামকরণ করলেন। রীতিমতো আবদার রাখলেন তিনি। বিধায়কের সদ্যজাত কন্যার নামকরণ করার মধ্যে দিয়ে চমক রাখলেন তিনি। যা নিয়ে রীতিমতো সমাজমাধ্যমে বিপুল সমর্থন পেলেন তিনি। পাশাপাশি বুঝিয়ে দিলেন কড়া প্রশাসক হওয়ার পাশাপাশি দয়ালু হৃদয়ও রয়েছে তাঁর। এমনকী এই বিষয়ে রীতিমতো সময়োপযোগীও তিনি। সামনেই রথযাত্রা আসছে। তাই সেই কথা মাথায় রেখেই নাম রাখলেন মুখ্যমন্ত্রী। যা বেশ প্রশংসার দাবি রাখে।
এদিকে এবার কন্যাসন্তানের বাবা হলেন পূর্ব বর্ধমানের ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা। সদ্যজাত কন্যার নামকরণ করার জন্য আবদার রেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। ব্যস্ততার মধ্যেও সেই আবদার মেটালেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার বিধায়ক এবং তাঁর পরিবারের আবদারে শিশুটির নাম রাখলেন ‘সুভদ্রা’। এই নামকরণের পরই বিধায়ক সৌমেন কার্ফা সমাজমাধ্যমে পোষ্ট করেছেন, ‘আজ আমার কন্যাসন্তান হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলাম। ওঁকে আমার কন্যার নামকরণের অনুরোধ করেছিলাম। উনি নাম দিয়েছেন জগন্নাথের বোন সুভদ্রা। তাঁর দেওয়া নামে আমার কন্যার নাম রাখলাম সুভদ্রা কার্ফা।’
অন্যদিকে সৌমেন কার্ফা ভাতারের বেলেণ্ডা গ্রামের বাসিন্দা। ছেলে হলে কী নাম রাখতেন? এই প্রশ্ন অনেকের। এই বিষয়ে বিধায়ক সৌমেন কার্ফা জানান, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালীন বাড়িতে আলোচনা করে ঠিক হয়েছিল, পুত্রসন্তান হলে তার নাম রাখা হবে ‘বুবাই’ বা ‘শুভেন্দু’। কিন্তু কন্যাসন্তান হয়েছে। তাই নামকরণের সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর উপরই ছেড়ে দেন গোটা পরিবার। আর মুখ্যমন্ত্রীর দেওয়া নামেই সম্মতি জানিয়েছেন পরিবারের সকলেই। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভাতার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন সৌমেন কার্ফা। মাত্র ৩৩ বছর বয়সেই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন।
তাছাড়া বিজেপির পক্ষ থেকে জানা গিয়েছে, প্রার্থী নির্বাচনের সময়েই শুভেন্দু অধিকারী সৌমেন কার্ফার নাম নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে মত দেন। পরে ভাতার কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়। প্রথম নির্বাচনী জয়ের পরই তাঁর পরিবারে এল নতুন সদস্য। তার উপর নবজাতকের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী। তাই কন্যার নামকরণ ঘিরে এখন খুশির হাওয়া কার্ফা পরিবারে। সন্তান প্রসবের জন্য সৌমেন কার্ফার স্ত্রী রিম্পা হাটি কার্ফাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি রবিবার কন্যাসন্তানের জন্ম দেন। এটি প্রথম সন্তান। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। এই খুশির দিনে ভাতারে দলীয় কর্মীরা মিষ্টি বিতরণও করেন।