রোজই খেলতে আসত, আজই...মর্মান্তিক! নিউটাউনে জলের ট্যাঙ্কের গর্তে পড়ে মৃত ৩ বছরের শিশু কন্যা
News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
নির্মীয়মাণ ফ্ল্যাটের খোলা ওয়াটার ট্যাঙ্কের গর্তে পড়ে মৃত শিশু৷ ঘটনাটি ঘটেছে নিউটাউনে৷ জানা গিয়েছে, মৃত শিশুর বাবা একটি ফ্ল্যাটের কেয়ারটেকার৷ দুটি পাশাপাশি ফ্ল্যাটের মধ্যে প্রায়ই যাতায়াত করত ছোট্ট মেয়েটি৷ রবিবারই খেলতে গিয়ে ওই খোলা ট্যাঙ্কে পড়ে যায় ৩ বছরের শিশু কন্যা৷ ঘটনায় বেআইনিভাবে এবং অবহেলার সঙ্গে এমন ৮ ফিটের ওয়াটার ট্যাঙ্ক খুলে রাখা হয়েছে বলেই কনট্রাক্টরের বিরুদ্ধে প্রশ্ন তুললেন ফ্ল্যাটের বাসিন্দারা৷
সূত্রের খবর, নিউটাউনে নির্মীয়মান ফ্ল্যাট৷ ১৫ নম্বর স্ট্রিটের AL1/B/29 (ক)। এর পাশেই আরও একটি ফ্ল্যাট AL1/B/6 (খ) দুটো ফ্ল্যাটের মাঝে একটি ছোটো পাঁচিল৷ পাঁচিল পেরিয়ে রোজ যাতায়াত করে খ ফ্ল্যাটের কেয়ার টেকার রাজীব দাসের ৩ বছরের মেয়ে।
পাঁচিলের পরে, ঠিক নীচে আট ফিটের একটি জল ট্যাঙ্ক। এই জল ট্যাঙ্কের গর্তেই আজ, রবিবার হঠাৎই খেলতে গিয়ে পড়ে যায় মেয়েটি। পাঁচিল পেরিয়ে এসে ক ফ্ল্যাটের কেয়ার টেকারের বাচ্চার সঙ্গে খেলা করত মেয়েটি। কিন্তু আজ হঠাৎই খেলতে গিয়ে পড়ে যায় সে। অনেক সময় পর নিঁখোজ মেয়ের খোঁজ পাওয়া যায়। ঘটনার প্রত্যক্ষ দর্শী মেঘা সিংহ৷ শিশুকে তিনিই উদ্ধার করেন বলে দাবি৷ মেঘা বলেন, ‘‘মেয়েটিকে গর্ত থেকে উদ্ধার করি৷ চিৎকার করে ডাকি মনে হয় আর প্রাণ নেই’’। জানা গিয়েছে, মেঘা সিংহ, পাশের (ক) নম্বর ফ্ল্যাটের কেয়ারটেকার৷
প্রসঙ্গত, এই মর্মান্তিক ঘটনার পর প্রশ্ন উঠেছে কনট্রাক্টরের বিরুদ্ধে৷ বেআইনিভাবে এবং অবহেলার সঙ্গে এমন ৮ ফিটের একটি ওয়াটার ট্যাঙ্ক কেন খুলে রাখা হয়েছিল? কনট্রাক্টরের বিরুদ্ধে প্রশ্ন তুললেন (খ) ফ্ল্যাটের বাসিন্দা বিথিকা মণ্ডল৷