• 'কালীঘাট হোক বা ঋত তৃণমূল, কেউ লোক পাবে না!' নন্দীগ্রাম উপনির্বাচনের আগাম ফলও বলে দিলেন শুভেন্দু
    News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা কালীঘাট তৃণমূল হোক অথবা ঋতব্রতপন্থী নব তৃণমূল৷ নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী খুঁজতে গিয়ে হিমশিম খাবে দু পক্ষই৷ এ দিন মেছেদায় সাংগঠনিক বৈঠকের পর এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

    আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারীর আরও দাবি, গত বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে যে ব্যবধানে জিতেছিলেন, এবার উপনির্বাচনে তার অন্তত পাঁচ গুন বেশি ব্যবধানে জয়ী হবেন বিজেপি প্রার্থী৷

    শুভেন্দু অধিকারী এ দিন মেছেদায় বলেন, ‘স্থানীয় স্তরের ভোটে কালীঘাট তৃণমূল বা ঋত তৃণমূল বলুন, লোক পাবে না৷ নন্দীগ্রাম নিয়ে কি আপনাদের কোনও দ্বিধা-দ্বন্দ্ব আছে না কি? আমি ৯৭০০ ভোটে জিতেছিলাম৷ ২০২১ সালে জিতেছিলাম ১৯৫৬ ভোটে৷ তাহলে আমার জয়ের ব্যবধানই প্রায় ৫ গুন বেড়েছে৷ এবার ৯৭০০-রও ৫ গুন বাড়বে ধরে নিন৷ এই জেলায় এসব নিয়ে কেউ চর্চা করে না কি? ২০১৯-এ ৩৭ শতাংশ, ২১-এ ৪৪ শতাংশ, ২৪-এ দল ক্ষমতায় ছিল না তাতেই ৪৯ শতাংশ ভোট পেয়েছি৷ আর এবার তো ৫৬ শতাংশ ভোট পেয়েছি৷ তৃণমূল দুটো পিলারের উপরে দাঁড়িয়েছিল, একটা পুলিশ আর একটা আইপ্যাক৷ সরকারে না থাকলে পুলিশও থাকে না৷ আর আইপ্যাক ভোটের আগেই পালিয়ে গিয়েছে৷ নিচুতলায় যে দু চারটে চ্যাং, ব্যাং ছিল তাদেরকেও দেখা যাচ্ছে না৷ এর পর কি দ্বিধা, দ্বন্দ্ব আছে না কি! এখানে বিজেপি ৭০ শতাংশ ভোট পাবে৷’S

    গত শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়েও রেজিনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেই সভাতেও তিনি বলেছিলেন, নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি-কে জয়ী করার দায়িত্ব তাঁর৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘২০৭ আছি, নন্দীগ্রামে ২০৮ হবে৷ আপনারা রেজিনগরে পদ্ম ফুটিয়ে ২০৯ করবেন তো?’

    বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরই তৃণমূলে বড়সড় ফাটল ধরেছে৷ তবে সেই ফাটল ধরার আগেই নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে শুরু করেছিল কালীঘাট পন্থী তৃণমূল৷ সূত্রের খবর, বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত পবিত্র কর উপনির্বাচনে আর প্রার্থী হবেন না তখনই তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন৷ নন্দীগ্রামের আর এক তৃণমূল নেতা শেখ সুফিয়ানও প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন৷
  • Link to this news (News18 বাংলা)