আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের মেচেদার লিগেল গেস্ট হাউসে শনিবার তমলুক সাংগঠনিক জেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রথম দফায় সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠকের পর তমলুক কোর কমিটির সদস্যদের নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী ১৬ আগস্ট রাজ্য সরকার "আয়ুষ্মান দিবস" পালন করবে। যা পূর্ববর্তী সরকার এই দিনটিকে "খেলা দিবস" হিসেবে পালন করত, কিন্তু বর্তমান সরকার মানুষের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে দিনটিকে "আয়ুষ্মান দিবস" হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
অন্নপূর্ণা প্রকল্প নিয়ে তিনি বলেন, "আগের সরকার ৫০০ টাকা দিতে ৯ মাস সময় নিয়েছিল। আমরা মাত্র ৬২ দিনের সরকার। এর মধ্যেই প্রত্যেক বিধানসভা এলাকায় প্রায় ৪০ হাজার মহিলার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে পেরেছি। যাঁরা এখনও পাননি, তাঁরাও পর্যায়ক্রমে পাবেন।"তৃণমূল সরকার টা দুটি পিলারের উপর দাঁড়িয়ে ছিল। একটি পুলিশ, অপরটি আইপ্যাক। সরকার বদলের পর পুলিশ আর থাকেনা, ভোটের আগেই পাটনি উঠিয়ে পালিয়ে গেছে।
এয়ারপোর্টের ভেতরে বাখরা মসজিদে নামাজ প্রসঙ্গে তিনি বলেন, আগে সরকার থাকলে ধমকি-চমকি দেখানো হতো। এখন সবাই শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন। তাঁর কথায়, "আপনারা ঈদ পালন করেছেন, মহরমও পালন করেছেন। শুধু অস্ত্র বের করবেন না, আইন মেনে চলবেন এবং বন্দেমাতরম গাইবেন।"
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিজের সরকারের সাফল্যের দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "তোলাবাজি বন্ধ হয়ে গেছে, সিন্ডিকেট রাজও শেষ হয়েছে। রাস্তায় হাত পেতে টাকা আদায়ের লোক নেই, রাহাজানিও নেই।"
সাংগঠনিক বৈঠকের পাশাপাশি আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।