সরকারী কর্মচারীদের মধ্যে বাড়ছে আরএসএস নিয়ে আগ্রহ
আজকাল | ১৩ জুলাই ২০২৬
বিভাস ভট্টাচার্য: শুধুমাত্র বিজেপির প্রতিই নয়, রাজ্যে পালাবদলের পর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস-এর প্রতিও যথেষ্ট আগ্রহী হয়ে উঠছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। ইতিমধ্যেই কর্মীদের তরফে রাজ্যে আরএসএস প্রচারকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সংঘের তরফেও প্রচারকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। সেইসঙ্গে কর্মচারী সংগঠনের তরফে জানতে চাওয়া হচ্ছে কীভাবে তারা সংঘের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন।
এবিষয়ে আরএসএস-এর দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় বলেন, "এই ধরনের অনুষ্ঠান এর আগে হয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের তরফে জানতে চাওয়া হচ্ছে সংঘ কী কাজ করে এবং তাঁরা কীভাবে সংঘের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন?"
জানা গিয়েছে, পালাবদলের আগে রাজ্যে সরকারি কর্মীদের সংঘ সম্পর্কে উৎসাহ থাকলেও আগের তৃণমূল সরকারের কোপে পড়ার ভয়ে তখন সেভাবে তাঁরা যোগাযোগ করে উঠতে পারেননি। কিন্তু সরকার পরিবর্তনের পর সেই ভয়টা কেটে যাওয়ার জন্য এখন সংঘ প্রচারকদের সঙ্গে তাঁরা যোগাযোগের চেষ্টাটা অনেকটাই বাড়িয়েছেন। কলকাতা এবং তার আশেপাশের এলাকা ছাড়াও দূরবর্তী বিভিন্ন জায়গা থেকে তাঁরা সরাসরি কলকাতায় এসে সংঘের প্রচারকদের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ জানাচ্ছেন তাঁদের আয়োজিত এই বিশেষ বৈঠকে সংঘ প্রচারকদের উপস্থিত থাকার জন্য।
জানা গিয়েছে, আগে যেখানে একটি বৈঠকে ২০ থেকে ২৫ জনের বেশি অংশগ্রহণকারী থাকতেন না এখন সেই বৈঠকেই ৮০ থেকে ১০০ জনের মতো সরকারি কর্মচারী উপস্থিত হচ্ছেন। পাশাপাশি এটাও জানা গিয়েছে, একটি বৈঠকে এর থেকে বেশি সংখ্যক কর্মীদের উপস্থিতি সংঘ প্রচারকরাও চাইছেন না। তাঁরা চাইছেন অংশগ্রহণকারীদের সংখ্যাটা ১০০-র মধ্যে রেখে বৈঠকের সংখ্যাটা বাড়ানো।