• দেশের ভুল মানচিত্র দেখেই দৃপ্ত প্রতিবাদ, প্রত্যন্ত গ্রামের মেধাবী মেয়ে আজ কূটনীতির মঞ্চে, চেনেন IFS পূজাকে?
    এই সময় | ১৩ জুলাই ২০২৬
  • চোখে আগুন ঝরানো দীপ্তি। মুখে স্মিত হাসি। হাত তুলে বক্তব্য থামালেন বাংলাদেশের প্রাক্তন কূটনীতিক আহমেদ তারিক করিমের। সেমিনার হলে তখন প্রোজেক্ট করা হচ্ছিল দক্ষিণ এশিয়ার মানচিত্র। সেই মানচিত্রের দিকেই চোখ পড়েছিল তাঁর। যেখানে কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো ছিল না। ভুল ধরিয়ে দেওয়ার জন্য এক মুহূর্ত সময় নষ্ট করেননি ওই সেমিনারে অংশ নেওয়ার ভারতীয় IFS অফিসার পূজা ঝা। নিছক ভুল ধরিয়ে দেওয়াই নয়, পূজার কণ্ঠে ছিল প্রতিবাদের সুর। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তা নিয়ে কোনও ত্রুটিই মার্জনীয় নয়, বুঝিয়ে দিয়েছেন কয়েক সেকেন্ডের মধ্যেই। বিহারের এক ছোট গ্রাম থেকে উঠে আসা এই IFS অফিসারের ভূমিকায় প্রশংসার বন্যা সমাজমাধ্যমে।

    পূজা ঝা ২০২২ ব্যাচের IFS অফিসার। বর্তমানে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল অ্যান্ড ইনফরমেশন) পদে কর্মরত।

    ২০২১ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম প্রচেষ্টাতেই সর্বভারতীয় মেধা তালিকায় ৮২তম স্থান অধিকার করেন তিনি। বাংলাদেশে পোস্টিং-এর আগে তাইওয়ানে কূটনৈতিক প্রশিক্ষণও সম্পন্ন করেন তিনি।

    বিহারের সীতামড়ি জেলার পুরনাহিয়া গ্রামের বাসিন্দা পূজা। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা গুরগাঁওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং মা গৃহবধূ। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও নিজের মেধা ও পরিশ্রমের জোরে তিনি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পরিষেবায় স্থান করে নেন।

    ওই সেমিনারে বক্তব্য রাখছিলেন বাংলাদেশের প্রাক্তন কূটনীতিক আহমেদ তারিক করিম। তাঁর উপস্থাপনার একটি স্লাইডে দক্ষিণ এশিয়ার মানচিত্র দেখানো হয়। যেখানে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এটি নজরে আসতেই উপস্থিত দর্শকদের আসন থেকে পূজা আপত্তি জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘প্রদর্শিত ভারতের মানচিত্রটি সঠিক নয়। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ।’

    পূজার বক্তব্য শুনে আহমেদ তারিক করিম জানান, মানচিত্রটি শুধুমাত্র উপস্থাপনার জন্য ব্যবহার করা হয়েছে। এটি কোনও দেশের প্রকৃত সীমারেখা নির্দেশ করে না।

    তাতেও দমে যাননি পূজা। এই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে পূজা পুনরায় ভারতের অবস্থান স্পষ্ট করে জানান, জম্মু ও কাশ্মীরকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে এবং সেই কারণেই তিনি বিষয়টির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। পরে করিম তাঁর আপত্তি নথিভুক্ত করার কথা জানান।

  • Link to this news (এই সময়)