ফের শহরে ধর্ষণের ঘটনা। দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে লেক টাউন থানার পুলিশ। ধৃতের নাম অনিমেষ নাগ। অভিযোগ, পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত শিক্ষক। ধৃতকে এ দিন বিধাননগর আদালতে তোলা হয়। যদিও আদালতে তোলার সময়ে ওই শিক্ষক জানান, তিনি এই কাজ করেননি।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর গৃহশিক্ষক ছিলেন। সম্প্রতি পড়ানোর কথা বলে তিনি ছাত্রীকে নিজের বাড়িতে আসতে বলেন। সেখানে পৌঁছনোর পরে একটি পানীয় খেতে দেওয়া হয়। ছাত্রীর অভিযোগ, সেই পানীয়ের মধ্যে মাদকজাতীয় পদার্থ মেশানো ছিল। পানীয়টি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থার সুযোগ নিয়েই অভিযুক্ত তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
তদন্তকারীরা নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করিয়েছেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পানীয়ে মাদক মেশানো হয়েছিল কি না, তা জানতে ফরেন্সিক পরীক্ষারও উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নতুন তথ্য সামনে এলে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই এক তরুণীকে ধর্ষণের অভিযোগ হয় তিলজলা থানায়। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের মেয়ের সঙ্গে অভিযোগকারিণীর বহুদিনের বন্ধুত্ব। সেই সূত্রেই দুই পরিবারের মধ্যে যাতায়াত ছিল। সম্প্রতি অভিযোগকারিণীর নিজের বাড়িতে কিছু সমস্যা থাকায় কয়েকদিন ধরে তিনি বান্ধবীর বাড়িতেই ছিলেন। অভিযোগ, বাড়ির অন্য সদস্যরা প্রয়োজনে বাইরে বেরোলে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়।