• শাশুড়ি পেলেও, বৌমা পেল না 'অন্নপূর্ণা'র টাকা!
    আজকাল | ১২ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: 'অন্নপূর্ণা যোজনা'র টাকা ফের অশান্তি। এবার রীতিমতো পারিবারিক ঝামেলা তুঙ্গে। কারণ? শাশুড়ির অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকলেও, বৌমা পেলেন না প্রকল্পের টাকা। 

    নদিয়ার তেহট্ট ১ নম্বর ব্লকে 'অন্নপূর্ণা যোজনা'র দ্বিতীয় কিস্তির টাকা বিতরণকে কেন্দ্র করে শুরু হয়েছে ক্ষোভ ও বিতর্ক। অভিযোগ, এক পরিবারে শাশুড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের ৩ হাজার টাকা জমা পড়লেও বৌমার অ্যাকাউন্টে এখনও কোনও অর্থ আসেনি। এই ঘটনাকে ঘিরে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন এক যুবক, যিনি বিষয়টি জানাতে বিডিও অফিসে যান। 

    স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় কিস্তির টাকা বিতরণের পর থেকেই কে টাকা পেয়েছেন এবং কে পাননি, তা নিয়ে বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়। তেহট্ট ১ নম্বর ব্লকের বহু মহিলা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে কেউ কেউ টাকা পেলেও, অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে এখনও অর্থ জমা পড়েনি বলে অভিযোগ। এই দাবিতে একদল মহিলা বিডিও অফিসের সামনে বিক্ষোভও দেখান। বিক্ষোভস্থলে উপস্থিত এক যুবক সংবাদমাধ্যমের নজরে আসেন। 

    তাঁর বক্তব্য, 'অন্নপূর্ণা যোজনা'র জন্য বউ আবেদন করেছেন, মা-ও আবেদন করেছেন। মায়ের টাকা ঢুকেছে, কিন্তু বউয়ের টাকা ঢোকেনি। এই নিয়ে সংসারে অশান্তি চলছে। তাঁর এই মন্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি ওই যুবকের পরিচয় সম্পর্কেও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। 

    এদিকে বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, অনেক যোগ্য আবেদনকারী এখনও প্রকল্পের টাকা পাননি, অথচ কিছু অযোগ্য ব্যক্তি সুবিধা পেয়েছেন। তাঁদের দাবি, প্রকৃত উপভোক্তাদের তালিকা পুনর্বিবেচনা করে দ্রুত বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হোক। সব মিলিয়ে 'অন্নপূর্ণা যোজনা'র টাকা বিতরণ নিয়ে তেহট্টে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। একই সঙ্গে একই পরিবারের দুই সদস্যের মধ্যে একজন টাকা পেলেও অন্যজন বঞ্চিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া পারিবারিক অশান্তির ঘটনাও এলাকাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
  • Link to this news (আজকাল)