• রথযাত্রায় পুরী যেতে চান? ট্রেন-বাসে টিকিট নেই? বিশেষ ট্রেন চালানোর ঘোষণা রেলের!
    News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
  • সামনেই  রথযাত্রা। আর রথযাত্রা মানেই জগন্নাথ দেবের দর্শনে পুরীতে অগণিত ভক্তের ঢল। প্রতি বছরের মত ২০২৬ সালেও এই উৎসবেও প্রচুর মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এই বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এবং উৎসবের দিনগুলোতে মাত্রাতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। রেলের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, পুণ্যার্থীদের যাতায়াত আরও মসৃণ করতে শালিমার থেকে পুরী এবং বাঙ্গিরিপোসি থেকে পুরীর মধ্যে বিশেষ ট্রেন চালান হবে।

    প্রথম বিশেষ ট্রেনটি চলবে শালিমার ও পুরীর মধ্যে। শালিমার-পুরী-শালিমার রথযাত্রা স্পেশ‍্যাল (০৮৫৬৫/০৮৫৬৬) ট্রেনটি শালিমার স্টেশন থেকে আগামী ১৫ এবং ২৩ জুলাই জোড়া ট্রিপে রওনা দেবে। ওই দুই দিন ঠিক সন্ধ্যা ৬টায় ট্রেনটি শালিমার থেকে ছেড়ে পরের দিন সকাল ৬টায় পুরি পৌঁছবে। আবার ফিরতি পথে পুরী থেকে এই বিশেষ ট্রেনটি ১৭ এবং ২৫ জুলাই রাত ১২টা ৩০ মিনিটে (অর্থাৎ রাত ১২টার পর) রওনা দিয়ে শালিমার পৌঁছবে দুপুর ১টা ৩০ মিনিটে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানান হয়েছে, যাতায়াতের পথে এই বিশেষ ট্রেনটি সাঁতরাগাছি, মেচেদা, খড়গপুর, বেলদা, দাঁতন, জলেশ্বর, বস্তা, রূপসা, বালেশ্বর, সোরো, ভদ্রক, জাজপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডের মত গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থামবে।

    অন্যদিকে, উৎসবের দিনগুলিতে স্থানীয় যাত্রীদের কথা মাথায় রেখে বাঙ্গিরিপোসি থেকে পুরীর উদ্দেশে একটি মেমু স্পেশাল ট্রেন চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঙ্গিরিপোসি-পুরী-বাঙ্গিরিপোসি রথযাত্রা মেমু স্পেশাল (০৮৫৬৩/০৮৫৬৪) ট্রেনটি মোট তিনটি ট্রিপ করবে। আগামী ১৫, ২৩ এবং ২৪ জুলাই বাঙ্গিরিপোসি থেকে দুপুর ২টো ৩০ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৩টেয় ট্রেনটি পুরী পৌঁছবে। ফেরার সময় পুরি থেকে ট্রেনটি ১৭, ২৫ এবং ২৬ জুলাই রাত ১টা ১৫ মিনিটে রওনা হয়ে বাঙ্গিরিপোসি পৌঁছবে দুপুর ১টা ৩০ মিনিটে। রেল কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, খড়গপুর ডিভিশনের আওতাধীন বাঙ্গিরিপোসি থেকে রানিথাল পর্যন্ত যাত্রাপথের প্রতিটি স্টেশনেই দাঁড়াবে এই মেমু স্পেশাল ট্রেনটি।

    উৎসবের এই মরসুমে যাত্রীদের যাতায়াত যাতে সম্পূর্ণ নিরাপদ, বাধাহীন ও আরামদায়ক হয়, সেই কারণেই এই রথযাত্রা স্পেশাল ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে সকল পুণ্যার্থীদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন এই বিশেষ ট্রেন পরিষেবাগুলির সুবিধা গ্রহণ করে নিজেদের তীর্থযাত্রা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে সুসম্পন্ন করেন।
  • Link to this news (News18 বাংলা)