• জমি বিবাদের জেরে নবগ্রামে কুপিয়ে খুন, পড়শির বিরুদ্ধে অভিযোগ
    এই সময় | ১২ জুলাই ২০২৬
  • পুরনো বিবাদের জেরে মুর্শিদাবাদের নবগ্রামে কুপিয়ে খুনের অভিযোগ। বৃদ্ধকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত খাজুরিয়া এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম নফল শেখ (৬২)।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, নফল দুধ বিক্রি করেন। প্রতিদিনের মতো এ দিন সকালেও দুধ বিক্রি করতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে ঘাস আনতে যান গোরুর জন্য। খাজুরিয়া ফিল্ড সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময়ে আচমকাই তাঁর উপরে এক প্রতিবেশী চড়াও হন বলে অভিযোগ। ধারালো হাঁসুয়া নিয়ে নফল শেখের উপরে অতর্কিতে হামলা চালান। মাঝ রাস্তায় কুপিয়ে খুন করা হয় নফলকে। ​বদলে গেল সরকারি স্কুলের পড়ুয়াদের খাতার রং, ছবিও

    এই ঘটনায় হাবু শেখ নামে এক ব্যক্তির নামে অভিযোগ করেছে মৃতের বাড়ির লোকেরা। মৃতের পরিবারের দাবি, অভিযুক্ত হাবু শেখের সঙ্গে জায়গা জমি এবং বাড়ি তৈরি সংক্রান্ত বিবাদ বহুদিনের। সেই পুরনো আক্রোশের জেরেই নফল শেখকে একা পেয়ে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকেই অভিযুক্ত হাবু শেখ এলাকাছাড়া।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবগ্রাম থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। হাবু শেখের কঠিন শাস্তির দাবি জানিয়েছে নফলের পরিবার। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)