হাওড়া থেকে আগামিকাল, ১২ জুলাই যাঁরা কলকাতামুখী হবেন, তাঁদের জন্য ভোগান্তি অপেক্ষা করছে। একদিকে ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। অন্যদিকে গ্রিন লাইনে মেট্রোও চলবে না দিনের প্রথমার্ধে। ফলে জোড়া ফলায় বিদ্ধ হতে হবে যাত্রীদের।
রবিবার, ১২ জুলাই গ্রিন লাইনে সকাল ৯টার বদলে বিকেল সাড়ে ৪টেয় প্রথম মেট্রো চলবে। অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) সংক্রান্ত বিষয়ে কমিশনার অব রেলওয়ে সেফটি (CRS) পরিদর্শন করবে। সে কারণেই সকাল ৯টার পরিবর্তে বিকেল সাড়ে ৪টে থেকে পরিষেবা শুরু হবে। যদিও শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।
অন্যদিকে মেরামতির কাজের জন্য রবিবার আবারও ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সেতু এবং তার সমস্ত সংযোগকারী Ramp-এ কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। তার জন্য বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ।