এক স্কুল পড়ুয়াকে আপত্তি জনক ভাবে ছোঁয়ার (Bad Touch) অভিযোগ। অভিযোগের তীর শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ডানকুনির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। অভিযুক্তের বিরুদ্ধে পকসোর একাধিক ধারায় মামলা দায়েরের পরে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষক গত এক বছর ধরে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করতেন বলে অভিযোগ। শুক্রবার তা চরম পর্যায়ে পৌঁছে যায়। এর পরে ওই পড়ুয়া স্কুলের এক শিক্ষিকাকে পুরো বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুলে। ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রথমে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। পরে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত স্কুল শিক্ষকের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে, স্কুলের প্রধান শিক্ষিকা শকুন্তলা সামন্ত চক্রবর্তী বলেন, ‘অভিযোগ কানে এসেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগে কোনও অভিযোগ আমরা পাইনি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখব।’