• প্রবল বৃষ্টিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়ি, সকাল থেকে চরম ভোগান্তি আমজনতার
    News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
  • টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আর তার জেরেই নবদ্বীপ শহরের পোড়ামাতলা রোড সংলগ্ন বাগচিপাড়া মোড় এলাকায় ভেঙে পড়ল একটি প্রাচীন বাড়ির একাংশ। গভীর রাতে ঘটা এই ঘটনার জেরে ভেঙে যাওয়া ইমারতি সামগ্রী ও ইটের স্তূপে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে যাতায়াতের মূল রাস্তা। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপের পোড়ামাতলা রোডের এই বাড়িটি দীর্ঘদিনের পুরনো। গতকাল রাত দুটো নাগাদ আচমকাই বাড়িটির সামনের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সকালে এই দৃশ্য দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ ট্রাফিক বিভাগের আধিকারিকরা। এলাকার এক দোকানদার তাপস দাস জানান, সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন বৃষ্টির জলের তোড়ে নন্দু বাড়ির পুরনো অংশটি ভেঙে নিচে পড়ে রয়েছে।

    বাড়ির মালিক বিপুল কুমার নন্দু জানান, যে অংশটি ভেঙে পড়েছে সেটি দীর্ঘদিনের পরিত্যক্ত এবং সেখানে কেউ বসবাস করতেন না। ফলে এক বিরাট বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে রাস্তার ওপর ইট ও ধ্বংসস্তূপ পড়ে থাকায় স্থানীয় মানুষ ও যানবাহন চলাচলের চরম সমস্যা তৈরি হয়েছে। বাড়ির মালিকের পক্ষ থেকে ইতিমধ্যেই নবদ্বীপ পৌরসভাকে বিষয়টি জানানো হয়েছে। তবে পৌরসভার কর্মীদের আসার অপেক্ষা না করে জনস্বার্থে দ্রুত রাস্তাটি পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

    এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সন্তন দাস জানান, রাতে প্রবল বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের অনুরোধে বাড়ির মালিক ব্যক্তিগত উদ্যোগে শ্রমিক লাগিয়ে রাস্তা থেকে ইট ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছেন। পুলিশ ও প্রশাসনের তৎপরতায় এবং বাড়ির মালিকের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। আর এই কারণেই বিশেষ করে বর্ষাকালে পুরোনো বিপজ্জনক বাড়িগুলি থেকে দূরে থাকার নির্দেশ দিচ্ছে প্রশাসন।
  • Link to this news (News18 বাংলা)