• বন্ধ নমাজ, সরছে দমদমের মধ্যেকার মসজিদ?
    আজকাল | ১১ জুলাই ২০২৬
  • দিক্ষা ভুঁইয়া: শনিবার থেকে কলকাতা বিমানবন্দরের ভিতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো বাঁকড়া মসজিদে নামাজ পড়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিন থেকেই মসজিদে প্রবেশের জন্য এন্ট্রি পাস দেওয়াও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। যদিও শনিবার দুপুর পর্যন্ত এয়ারপোর্ট কর্তৃপক্ষের তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

    বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের কাছেই অবস্থিত এই প্রাচীন মসজিদটিকে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর চত্বরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য ও কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

    শনিবার স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার, ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে এই বিষয়ে কথাও বলেন। পরে বিধায়ক জানিয়েছেন, নমাজ পড়তে আসা বেশিরভাগ মানুষই এই পদক্ষেপে রাজি। বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সব পদক্ষেপ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনওরকম প্ররোচনা না দেওয়া হয়, সেই অনুরোধও করেছেন দমদম উত্তরের বিধায়ক।

    সূত্রের খবর, রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরত্বে অবস্থানের কারণে বিমান চলাচল, বিশেষ করে জরুরি অবতরণের ক্ষেত্রে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হচ্ছিল। সেই কারণেই আপাতত মসজিদটি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত সেখানে নামাজের অনুমতি স্থগিত রাখা হয়েছে।

    নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে দু'টি রানওয়ে রয়েছে। প্রধান রানওয়েটি আকারে বড়। এখানেই মূলত বিমান ওঠানামা হয়। দ্বিতীয় রানওয়েটি বহরে ছোট। এই রানওয়েটির কাছেই রয়েছে মসজিদটি। এই মসজিদের জন্য ছোট রানওয়ে দিয়ে বড় বিমান ওঠানামার ক্ষেত্রে ঝুঁকি থাকে। আটকে গিয়েছে রানওয়ে সম্প্রসারণের কাজও। 

    বিগত বেশ কয়েক দশক ধরে বাঁকড়া মসজিদে সরানো নিয়ে চর্চা চলছে। যদিও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। কিন্তু রাজ্যে পালাবদলেরই পরই বিমানবন্দরের নিরাপত্তা ও সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শেষপর্যন্ত ওই মসজিদে নামাজ পড়া সাময়িকভাবে বন্ধ রাখা হল।
  • Link to this news (আজকাল)