ফিল্মি কায়দায় ATM লুট ওডিশার বালাসোরে। অভিযোগ, একদল দুষ্কৃতী SUV-র সঙ্গে একটি ATM বেঁধে উপড়ে টেনে নিয়ে চলে যায়। পরে নির্জন জায়গায় সেই ATM ভেঙে সমস্ত টাকা লুট করে তারা চম্পট দেয়। শনিবার ভোরে বালাসোরের টুডিগাদিয়া বাজার এলাকার ঘটনা। পুরো ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ২টো নাগাদ দুষ্কৃতীদের একটি দল কালো রঙের SUV গাড়ি নিয়ে ATM কাউন্টারের সামনে আসে। ওই দলে কমপক্ষে পাঁচজন ছিল। তারা প্রথমে ATM-র দরজা জোর করে খোলে। একটি শক্ত দড়ি দিয়ে গাড়ির পিছনে ATM ভালো করে বাঁধে। এর পরে গাড়ি স্টার্ট দিয়ে সজোরে টান মারতেই পুরো ATM ঘর থেকে উপড়ে আসে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুষ্কৃতীরা ATM গাড়ির সঙ্গে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে।
দুষ্কৃতীদের কীর্তি দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন পুলিশ কর্তারা। পুলিশ আরও জানিয়েছে, নির্জন জায়গায় এটিএম ধারালো অস্ত্র দিয়ে ভেঙে ভিতরের ক্যাশ টাকা বের করে নেয় দুষ্কৃতীর দল। পুলিশ ইতিমধ্যেই পরিত্যক্ত ATM উদ্ধার করেছে। তবে ওই ATM-এ ঠিক কত টাকা ছিল, তা এখনও স্পষ্ট নয়। ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে টাকার সঠিক অঙ্ক জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাসে ওই অঞ্চলে চুরি ও ডাকাতির ঘটনা মারাত্মক ভাবে বেড়ে গিয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের গাফিলতি এবং রাতে ঠিকমতো টহলদারি না হওয়ার কারণেই এমন ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের একাংশের। স্থানীয়রা অবিলম্বে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার এবং রাতে পুলিশি পাহারা বাড়ানোর দাবি জানিয়েছেন।