স্পেনের দক্ষিণ দিকে ভয়াবহ দাবানলের ঘটনা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালানোর সময়ে তাঁরা আগুনের ঘেরাটোপে পড়ে গিয়েছিলেন বলে স্থানীয় প্রশাসন সূত্রের খবর। এখনও পর্যন্ত ২৩ জনের খোঁজ মিলছে না। দাবানলের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দাবানলটি শুরু হয় আলমেরিয়া (Almería) প্রদেশের লস গ্যালার্দোস (Los Gallardos) এলাকায়। এটি ভূমধ্যসাগরীয় উপকূল থেকে কয়েক কিলোমিটার ভিতরে রয়েছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল। স্থানীয় প্রশাসনের দাবি, এই ধরনের ভয়াবহ দাবানল ওই এলাকার এর আগে কখনও দেখা যায়নি।
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ় (Pedro Sanchez) নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় তিনি ‘অত্যন্ত দুঃখিত ও মর্মাহত’। যে এলাকায় এটি ঘটেছে, সেই আন্দালুসিয়ার (Andalusia) স্থানীয় প্রশাসনের প্রধান জুয়ানমা মোরেনো (Juanma Moreno) জানিয়েছেন, এখনও অন্তত ২৩ জন নিখোঁজ রয়েছেন।
প্রশাসনের দাবি, মৃতদের অধিকাংশ ওই এলাকায় বসবাসকারী বিদেশি নাগরিক। নিহতদের মধ্যে চারজন একটি গাড়িতে ছিলেন। গাড়িটির স্টিয়ারিং ডানদিকে রয়েছে, প্রশাসনের প্রাথমিক অনুমান, নিহতেরা ব্রিটিশ নাগরিক হতে পারেন। স্থানীয় প্রশাসনের প্রাথমিক অনুমান, তাঁরা গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। কিন্তু প্রশাসনের নির্ধারিত পথ ব্যবহার না করে অন্য রাস্তা বেছে নিয়েছিলেন তাঁরা।
বাকি সাতজন অন্য একটি দলের সদস্য ছিলেন। তাঁরা নিজেদের গাড়ি ফেলে হেঁটে পালানোর চেষ্টা করেছিলেন। তাঁরাও প্রশাসনের নির্ধারিত রাস্তা (Evacuation Route) ব্যবহার করেননি। সেই কারণেই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
লস গ্যালার্দোস এলাকাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানে বহু ফরাসি, ব্রিটিশ ও বেলজিয়ান নাগরিক স্থায়ীভাবে বসবাস করেন। প্রশাসনের মতে, গ্রীষ্মের শুরুতে স্পেনের বিস্তীর্ণ এলাকা অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছে। ফলে সামান্য আগুন থেকেও দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। European Forest Fire Information System-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে স্পেনে ইতিমধ্যেই প্রায় ৫৭ হাজার হেক্টর জমি পুড়ে গিয়েছে। গত বছর আগস্টে স্পেনে গত তিন দশকের সবচেয়ে ভয়াবহ দাবানল হয়েছিল। তখন প্রায় ৩ লক্ষ ৩০ হাজার হেক্টর এলাকা পুড়ে যায়।