• সুপ্রিম কোর্টে ‘নাটক’! প্রধান বিচারপতির নামে গালি, কাগজ ছুড়লেন মামলাকারী
    প্রতিদিন | ১১ জুলাই ২০২৬
  • শুনানি চলাকালীনই মেজাজ হারালেন মামলাকারী। এমনই এক দৃশ্যের সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট। অভিযুক্তর বিরুদ্ধে প্রধান বিচারপতির নামে গালাগালি দেওয়ার পাশাপাশি বিচারপতিদের বেঞ্চের উদ্দেশে কাগজ ছুড়েও মারেন তিনি। স্বাভাবিক ভাবেই এমন আচরণে হতভম্ব হয়ে যান বিচারপতিরা। কিছুক্ষণ আটক করে রাখার পর ছেড়ে দেওয়া হয় অভিযুক্তকে। শেষপর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি তাঁর বিরুদ্ধে।

    ঠিক কী ঘটেছিল? এদিন বিচারপতি কেভি বিশ্বনাথন ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চের সামনে ঘটনাটি ঘটে। সকাল ১১টা নাগাদ সেখানে হাজির হন অভিযুক্ত প্রবল প্রতাপ। জানা গিয়েছে, এলাহাবাদ হাই কোর্টের এক নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তাঁর দাবি ছিল, এই শুনানিতে সওয়াল করবেন তিনি নিজেই। আর এরপরই ঘটে যায় অনর্থ। বেঞ্চের অনুমতি নিয়ে বক্তব্য রাখার সময় তাঁকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। তীব্র আক্রমণাত্মক সুরে তিনি বিচারপতিদের উদ্দেশে বলেন তাঁরা ‘বিচারবিভাগীয় ভৃত্য’! গালাগালি করেন প্রধান বিচারপতিকে। সঙ্গে সঙ্গে এজলাসের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

    ওই ব্যক্তি বিচারপতির বেঞ্চের উদ্দেশে বলতে থাকেন, ”বিচারবিভাগীয় ভৃত্য, আমি আপনাদের নির্দেশ দিচ্ছি লখনউয়ের অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর করুন।” তাঁর এহেন বক্তব্যে বিস্মিত হয়ে বিচারপতি কেভি বিশ্বনাথন বলেন, ”আপনি আমাকে নির্দেশ দিচ্ছেন? আপনি আমাদের নির্দেশ দিচ্ছেন?” আদালতের প্রশ্নের জবাবে অভিযোগকারী বলেন, “আমার পক্ষ থেকে আর কিছু বলার নেই। সবকিছুই নথিবদ্ধ রয়েছে।”

    এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মামলাকারী তাঁর মামলার নথিপত্র শূন্যে ছুড়ে ফেলেন এবং প্রধান বিচারপতির উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ। উল্লেখ্য, প্রধান বিচারপতি সূর্য কান্ত এই বেঞ্চের সদস্য ছিলেন না। নিরাপত্তাকর্মীরা তৎক্ষণাৎ তাঁকে এজলাস থেকে সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি শান্ত হয়। পুরো ঘটনা চলাকালীন বেঞ্চ শান্ত ও সংযত ছিল। এবং ওই ব্যক্তির ক্ষোভ প্রকাশের ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
  • Link to this news (প্রতিদিন)