এই নম্বরগুলি এখনই ফোনে সেভ করে রাখুন, আপদে-বিপদে বন্ধুর মতো পাশে দাঁড়াবে পুলিশ
News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
জন সুরক্ষায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের মূল লক্ষ্য হল প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা। জনসাধারণের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পুলিশি পরিষেবা পৌঁছে দিতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অধীনস্থ সকল থানার উদ্যোগে বিভিন্ন এলাকায় অঞ্চলভিত্তিক বিশেষ সভা অনুষ্ঠিত হচ্ছে।
এই সভাগুলির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সময়োপযোগী তথ্য আদান-প্রদানের মাধ্যমে অপরাধ দমনে একযোগে কাজ করা। নারী সহায়তা ডেস্ক, নারীদের নিরাপত্তা, আইনি সহায়তা এবং যেকোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে গ্রামীণ হাওড়ার থানাগুলিতে এই বিশেষ ডেস্ক সক্রিয় রয়েছে। সে বিষয়ে গ্রামের মানুষকে অবগত করা। সাইবার সহায়তা ডেস্ক সম্পর্কেও বোঝান হচ্ছে মানুষকে। বর্তমান ডিজিটাল যুগে সাইবার অপরাধ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে এবং অনলাইন প্রতারণার শিকার হলে দ্রুত আইনি পদক্ষেপ নিতে এই ডেস্ক সর্বক্ষণ কাজ করছে।
যেকোনও অপরাধের অভিযোগ জানাতে, সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করলে বা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে পুলিশকে সাহায্য করতে সরাসরি যোগাযোগ করতে, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ কন্ট্রোল রুমের যোগাযোগ করতে বলা হয়েছে। দেওয়া হয়েছে যোগাযোগের নম্বরও। মানুষকে প্রয়োজনে (৯১৪৭৮৮৮২৪৫) – এই নম্বর সেভ করে রাখতে বলা হয়েছে। কেউ কোনও ধরনের সাইবার অপরাধ বা অনলাইন আর্থিক প্রতারণার শিকার হলেও জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন ১৯৩০ এবং বিকল্প সাইবার হেল্পলাইন নম্বর (৮৯৮১০০৪২৪০) যোগাযোগ করতে বলা হয়েছে।
সভার মাধ্যমে বোঝানো হয়েছে সচেতনতা সুরক্ষার প্রথম ধাপ। নাগরিক সুরক্ষায় পুলিশ সর্বদা পাশে আছে। পুলিশের তদন্ত সহ বিভিন্ন ক্ষেত্রে উপযুক্ত তথ্য প্রদান এবং নাগরিক সহযোগিতা এই কাজকে আরও দ্রুত এবং সহজ করে তুলতে পারে। সেই দিক থেকে নির্ভয়ে পুলিশকে তথ্য প্রদান করে একটি নিরাপদ সমাজ গঠনে সহযোগিতা করা একজন প্রকৃত নাগরিকের কর্তব্য, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে সকলের কাছে।