• বদলের বাংলায় এবার বদলাচ্ছে স্কুল ইউনিফর্মও?
    আজকাল | ১১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে পালাবদলের পর একাধিক পরিবর্তন দেখা গিয়েছে বাংলাজুড়ে। একাধিক প্রকল্প চালুর পাশাপাশি সম্প্রতি সরকারে বাসে গেরুয়া রং করার কথা ঘোষণা করেছিল রাজ্যের পরিবহণ মন্ত্রী। এ বার রাজ্যের স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম বা পোশাকেও আসতে চলেছে বদল। রাজ্যের স্কুল ইউনিফর্ম প্রকল্প নিয়ে তৎপর শিক্ষা দফতর।

    ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলের পড়ুয়াদের দুই সেট করে ইউনিফর্ম বিতরণের লক্ষ্যে নতুন নির্দেশিকা জারি করেছে বিকাশ ভবন। স্কুল শিক্ষা দফতর এবং পশ্চিমবঙ্গ স্টেট রুরাল লাইভলিহুডস মিশন (ডব্লিউবিএসআরএলএল) যৌথভাবে এই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে।

    নয়া নির্দেশিকা অনুযায়ী, পড়ুয়াদের ইউনিফর্মের সঠিক মাপ এবং প্রয়োজনীয় কাপড় ও ওড়নার মোট চাহিদা নির্ধারণের জন্য 'বাংলার শিক্ষা' পোর্টালে বিশেষ বিভাগ চালু করা হচ্ছে। ওই পোর্টালেই সমস্ত তথ্য আপলোড করতে হবে। ১৮ জুলাইয়ের মধ্যে ড্রেসের মাপ আপলোড করতে হবে।

    সব জেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুল পরিদর্শকদের স্কুলভিত্তিক ইউনিফর্ম তৈরিতে কাপড়ের ধরন এবং রঙের চাহিদার সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২২ সালের আগে যে ইউনিফর্মের নকশা বা কাপড় ব্যবহার হত, সেই তথ্যও বিবেচনা করে দেখবেন তাঁরা। এর পর ১৮ জুলাইয়ের মধ্যে 'বাংলার শিক্ষা' পোর্টালের মাধ্যমে স্কুল ইউনিফর্ম প্রকল্পের চূড়ান্ত ওয়ার্ক অর্ডার জমা দিতে হবে স্কুল পরিদর্শকদের।

    ইতিমধ্যেই প্রোভিশনাল ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে প্রথম দফার ইউনিফর্ম সরবরাহ শুরু হয়েছে। শিক্ষা দফতরের লক্ষ্য, আগামী ১৪ অগস্টের মধ্যে পড়ুয়াদের জন্য নির্ধারিত দুই সেট ইউনিফর্মের সম্পূর্ণ সরবরাহের কাজ শেষ করা।
  • Link to this news (আজকাল)