• ধর্মতলায় একুশে জুলাই পালনে বদ্ধপরিকর মমতা, হাইকোর্টের দ্বারস্থ ডেরেক
    eTV Bharat | ১০ জুলাই ২০২৬
  • কলকাতা, 10 জুলাই: একুশে জুলাইয়ের ‘শহিদ দিবস’ সমাবেশ বন্ধ করতে কলকাতা পুলিশ ধর্মতলা এবং তার আশপাশে 163 ধারা জারি করেছে ৷ এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল কংগ্রেস ৷ শুক্রবার এ সংক্রান্ত পুলিশের বিজ্ঞপ্তি বাতিলের আর্জি জানিয়ে আদালতে মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷

    2 জুলাই থেকে 30 অগস্ট পর্যন্ত ভিক্টোরিয়া হাউজ ও এসপ্ল্যানেড এলাকায় জনসমাগম নিষিদ্ধ করে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে ৷ ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (BNSS), 2023-এর 163 ধারার অধীনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তৃণমূলের অভিযোগ, এই নিষেধাজ্ঞার ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আয়োজিত বার্ষিক 21 জুলাইয়ের ‘শহিদ দিবস’ জনসভার আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে ৷

    1993 সালের 21 জুলাই নিহত 13 জন কংগ্রেস কর্মীর স্মরণে প্রথাগতভাবে এই জনসভার আয়োজন করা হয়ে থাকে ৷ তৃণমূল জমানায় প্রতি বছর নিয়ম করে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে এই বিশাল সভা অনুষ্ঠিত হত ৷ তার আগে বামেদের সময়ও সভা হয়ে এসেছে নির্দিষ্ট স্থানেই ৷

    এই আবহে গত 4 তারিখে ফেসবুক লাইভে একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ ৷ তবে তৃণমূল কংগ্রেসের এই শহিদ স্মরণ অনুষ্ঠান বাতিল হবে না ৷ তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, পুলিশ অনুমতি না-দিলে প্রয়োজনে রিকশায় দাঁড়িয়ে একুশে জুলাইয়ের কর্মসূচি পালন করা হবে ৷

    এরপর এদিন তৃণমূল হাইকোর্টে জানায়, একুশে জুলাইয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে গত 27 জুন পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল ৷ এরপর 30 জুন ও 1 জুলাই আবেদনের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ৷ এই সময়ের মধ্যে অনুষ্ঠানস্থল পরিবর্তন করে ‘ডোরিনা ক্রসিং’-এ নিয়ে যাওয়ার প্রস্তাবও দেওয়া ছিল ৷ কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি ৷

    আবেদনে উল্লেখ করা হয়েছে যে, জনশৃঙ্খলায় কোথায় বিঘ্ন হতে পারে তা প্রকাশ না-করেই এবং গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সংবিধানের 14, 19 ও 21 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ তুলে এই আদেশ বাতিলের আর্জি জানানো হয়েছে ৷

    এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রতি বছরের মতো গত বছরও 21 জুলাইয়ের জনসভা হয়েছিল ধর্মতলায় রাস্তা আটকে ৷ এই অভিযোগে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে ৷ এই বিষয়ে মমতা ও অভিষেকের হলফনামা তলব করেছে হাইকোর্ট । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন । 17 অগস্ট ফের এই মামলার শুনানি হবে ।
  • Link to this news (eTV Bharat)