‘প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে নিয়ে ‘অযোগ্য ২’ করার কোনও ইচ্ছে নেই’, হঠাৎ কেন এমন চরম সিদ্ধান্ত কৌশিক গাঙ্গুলির
আজকাল | ১০ জুলাই ২০২৬
টলিউডের সর্বকালের অন্যতম সেরা জুটি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০২৪ সালে মুক্তি পেয়েছিল এই জুটির ৫০তম ছবি ‘অযোগ্য’। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শকদের মনেও গভীর দাগ কেটেছিল পরিচালক কৌশিক গাঙ্গুলির এই সিনেমা। ‘অযোগ্য’-র তুমুল সাফল্যের পর থেকেই টলিপাড়ার অন্দরে ফিসফাস শুরু হয়েছিল, তবে কি খুব শীঘ্রই আসতে চলেছে ছবির সিক্যুয়েল ‘অযোগ্য ২’? ফের কি কৌশিকের হাত ধরেই পর্দায় ফিরবে এই আইকনিক জুটি? সব জল্পনায় একেবারে জল ঢেলে দিলেন স্বয়ং পরিচালক। ‘আজকাল ডট ইন’ -কে দেওয়া একটি সাক্ষাৎকারে কৌশিক সপাট জানিয়ে দিলেন— ‘অযোগ্য ২’ আর হচ্ছে না! শুধু তাই নয়, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে নিয়ে ছবি করার আর ইচ্ছে নেই তাঁর।
বুম্বাদা এবং ঋতুপর্ণাকে নিয়ে পর পর দুটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। একটি ‘দৃষ্টিকোণ’ (৪৯তম ছবি) এবং অন্যটি ‘অযোগ্য’ (৫০তম ছবি)। এই দুই ছবির বাণিজ্যিক ও সমালোচক মহলের সাফল্যের পর কেন হঠাৎ এমন সিদ্ধান্ত?
সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করে পরিচালক বলেন, “দেখুন, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৪৯ তম ও ৫০তম এই দুটি ছবিরই পরিচালক ছিলাম আমি। ‘দৃষ্টিকোণ’ এবং ‘অযোগ্য’ দুটোই বক্স অফিসে ব্লকব্লাস্টার হয়েছে। আমার মনে হয়, এই জুটির প্রতি পরিচালক হিসেবে আমি নিজের দায়িত্ব দারুণভাবে পালন করেছি। তাই এই জুটিকে নিয়ে এবার হ্যাট্রিক করার আর কোনও ইচ্ছে আমার নেই।” কৌশিক গাঙ্গুলি আরও স্পষ্ট করে দেন যে, প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে একসঙ্গে কাস্ট করার কোনও উদগ্র ইচ্ছে তাঁর আর নেই। তবে কি কোনওদিনই আর এই জুটিকে কৌশিকের ফ্রেমে দেখা যাবে না?
পরিচালক অবশ্য একটি খোলা রাস্তাও রেখেছেন। তিনি হাসতে হাসতে জানান, একমাত্র যদি কেউ ওঁর কাছে এসে ‘বায়না’ করে, তবেই তিনি ভেবে দেখতে পারেন। পরিচালকের ভাষায়, “কোনও প্রযোজক এসে যদি আমাকে বিশেষভাবে অনুরোধ করেন যে এই জুটিকে নিয়ে ছবি করতেই হবে, তবেই আমি করব, নচেৎ নয়।”
আপাতত কৌশিকের এই মন্তব্যের পর এটুকু স্পষ্ট যে, ‘অযোগ্য’-র গল্প যেখানে শেষ হয়েছিল, সেখানেই তা চিরতরে থমকে গেল। প্রসেনজিৎ-ঋতুপর্ণার ম্যাজিক আবার কবে, কার হাত ধরে পর্দায় ফিরবে, এখন সেটাই দেখার।