• সোমবার থেকে রাজ্যে কার্যকর গুন্ডাদমন আইন: মুখ্যমন্ত্রী
    এই সময় | ১০ জুলাই ২০২৬
  • আগামী সোমবার থেকেই রাজ্যে কার্যকর হতে চলেছে গুন্ডাদমন আইন। মুর্শিদাবাদে বহরমপুরে দাঁড়িয়ে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভায় পাশ হওয়া বিলে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। UCC বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও মুখ খুললেন তিনি। দ্রুত বিধানসভায় বিল আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

    মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মুর্শিদাবাদ সফরে শুভেন্দু অধিকারী। বহরমপুরের রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার, সড়কপথে বহরমপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। এ দিন বৈঠকের পরে সাংবাদিকদের একাধিক বিষয় নিয়ে জানান মুখ্যমন্ত্রী।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘জঙ্গিপুরকে আলাদা করে জেলা করার প্রক্রিয়া শুরু হয়েছে। হাইকোর্টের এনওসি লাগে, ভারত সরকারের এনওসি লাগে, নির্বাচন কমিসনের এনওসি লাগে... অন্তত ৬-৮ মাস লাগবে। আমরা যা করব আইন মেনে করব।’

    গঙ্গা ভাঙন নিয়েও বড় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মালদা ও মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন রুখতে ৩৬০০ কোটি টাকার প্রস্তাব নেওয়া হচ্ছে। তাতে কেন্দ্র ও রাজ্য অর্ধেক খরচ বহন করবে।

    এই কাজের ফলে ফরাক্কা থেকে ভগবানগোলা-লালগোলা অংশে ভাঙন রোখার স্থায়ী সমাধান হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। ব্যাপক দুর্নীতি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। একাধিক সরকারি প্রকল্পে ভুয়ো তথ্য দেখিয়ে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। আগে যাচাই হতো না। এখন অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে, সেটা করতে গিয়ে সরকারি প্রকল্পে প্রাপকদের ভুয়ো অ্যাকাউন্ট ধরা পড়ছে বলে জানান তিনি।

  • Link to this news (এই সময়)