• রাগের মাথায় সামান্য বকেছিলেন মা, তারপরেই এ কী পরিণাম! তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির ছাত্র
    News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
  • মায়ের সামান্য বকুনির পর খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ১১ বছরের এক স্কুল ছাত্র। তিন দিন কেটে গেলেও তার কোনও খোঁজ না মেলায় উদ্বেগে দিন কাটছে পরিবারের। ছেলেকে দ্রুত খুঁজে দেওয়ার আবেদন জানিয়ে ইংরেজবাজার থানার পাশাপাশি মালদহ থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পরিবারের সদস্যরা।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ছাত্রের নাম রেহান শেখ (১১)। বাড়ি মালদহ শহরের কৃষ্ণপল্লী বাপুজী কলোনি এলাকায়। সে মালদহ টাউন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। পরিবারের দাবি, বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল রেহান। তারপর থেকে আর তার কোনও খোঁজ মেলেনি।

    নিখোঁজ ছাত্রের মা রোহিনী বিবি জানান, সেদিন ছেলেকে দোকান থেকে খাবার কিনে দিয়েছিলেন। তবে অতিরিক্ত খেলাধুলা করা এবং সময়মতো খাওয়া-দাওয়া না করায় ছেলেকে সামান্য বকাবকি করেছিলেন। এরপর রেহান আবার খেলতে বেরিয়ে যায়। রোহিনী বিবির কথায়, “ভাবতেই পারিনি, ওই সামান্য বকুনির পর ছেলে আর বাড়ি ফিরবে না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছি। রাত ন’টা বেজে গেলেও না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি। আজ তিন দিন হয়ে গেল, এখনও ছেলের কোনও খোঁজ পাইনি।”

    পরিবারের সদস্যরা জানান, গত তিন দিন ধরে আত্মীয়-স্বজনদের সহযোগিতায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালানো হয়েছে। মালদহ শহরের বিভিন্ন এলাকা, রেলস্টেশন এবং আত্মীয়দের বাড়িতেও খোঁজ করা হলেও এখনও পর্যন্ত রেহানের কোনও সন্ধান মেলেনি। ঘটনাকে ঘিরে এলাকায়ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ছাত্রের খোঁজে তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন সূত্র ধরে তল্লাশি চালানো হচ্ছে। রেহান অভিমানে বাড়ি ছেড়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (News18 বাংলা)