• দিঘায় খুলল ডাইনোসর পার্ক! ৪০টিরও বেশি চলমান ডাইনোসর, জুরাসিক যুগের রোমাঞ্চ এখন সমুদ্রের শহরে
    News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
  • দিঘা যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে এবার শুধু ব্যাগ গোছালেই হবে না, সঙ্গে একটু সাহসও গুছিয়ে নিন। কারণ এবার দিঘার সমুদ্র শুধু ঢেউ, ঝিনুক কিংবা মাছভাজার গন্ধে সীমাবদ্ধ নয়। নতুন আকর্ষণ আপনাকে এক লহমায় ফিরিয়ে নিয়ে যাবে কয়েক কোটি বছর আগের পৃথিবীতে, যখন এই গ্রহ শাসন করত বিশালাকার ডাইনোসররা।

    দিঘা মানেই এতদিন ছিল সমুদ্র, সৈকত, ঝাউবন, নুলিয়াদের দৌড় আর জগন্নাথ মন্দির। সেই পরিচিত পর্যটন মানচিত্রে এবার যুক্ত হয়েছে এক অভিনব সংযোজন—ডাইনোসর পার্ক। জগন্নাথ মন্দিরের ঠিক বিপরীতে গড়ে ওঠা এই পার্কে প্রবেশ করলেই মনে হবে, যেন সত্যিই জুরাসিক যুগে এসে পড়েছেন। চারপাশে বিশালাকার ডাইনোসরের গর্জন, নড়াচড়া আর প্রাগৈতিহাসিক পরিবেশ মুহূর্তেই অন্য এক জগতে নিয়ে যাবে দর্শনার্থীদের।

    ৪০টিরও বেশি চলমান ডাইনোসরের রাজত্ব

    দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা (ডিএসডিএ)-র উদ্যোগে নেচার পার্কের মধ্যেই তৈরি হয়েছে এই নতুন আকর্ষণ। একটি বেসরকারি সংস্থা লিজ নিয়ে পার্কটিকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে। এখানে বসানো হয়েছে ৪০টিরও বেশি ছোট-বড় ডাইনোসরের মডেল। এর মধ্যে অনেকগুলিই অ্যানিমেটেড বা চলমান। গর্জন, মাথা নাড়া, লেজের নড়াচড়া—সব মিলিয়ে দর্শনার্থীদের কাছে যেন জীবন্ত ডাইনোসরের অভিজ্ঞতা তৈরি করছে এই পার্ক।

    ডাইনোসর পার্কের অন্যতম আকর্ষণ এর প্রাকৃতিক পরিবেশ। ঘন ঝাউবনের মধ্যে তৈরি এই পার্কে ডাইনোসরের পাশাপাশি রয়েছে হাতি, ঘোড়া, হরিণ, জিরাফ-সহ বিভিন্ন প্রাণীর মডেল। পেভার ব্লক দিয়ে তৈরি পরিচ্ছন্ন হাঁটার পথ, চারপাশের সবুজ পরিবেশ এবং সমুদ্রের একেবারে কাছাকাছি অবস্থান পার্কটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। হাঁটার পথ শেষ হয়েছে সমুদ্র সৈকতের ধারে, ফলে একই সঙ্গে প্রকৃতি, বিনোদন এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার সুযোগ মিলছে।

    কলকাতা থেকে বেড়াতে আসা পর্যটক চুমকি ঘোষ বলেন, “পার্কে ঢুকেই মনে হয়েছে যেন ডাইনোসরের যুগে চলে এসেছি। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। শুধু বাচ্চাদের জন্য নয়, বড়রাও এখানে এসে দারুণ আনন্দ পাবেন।” দিঘায় আগত পর্যটকদের কাছে ইতিমধ্যেই এই ডাইনোসর পার্ক অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। যারা সমুদ্র ভ্রমণের সঙ্গে একটু অন্যরকম অভিজ্ঞতা খুঁজছেন, তাঁদের জন্য এই পার্ক নিঃসন্দেহে হতে পারে দিঘা সফরের অন্যতম সেরা গন্তব্য।
  • Link to this news (News18 বাংলা)