• দাঁতনে ভেঙে গেল ‘ফেয়ার ওয়েদার’ সেতু, ৩০ কিমি ঘুরপথে যাতায়াত ২ রাজ্যের বাসিন্দাদের
    News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
  • : টানা বৃষ্টির জেরে জলস্তর অস্বাভাবিক হারে বেড়েছে সুবর্ণরেখা নদীতে। আর তার জেরেই পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের বেলমূলা এলাকায় ভেঙে গেল একটি গুরুত্বপূর্ণ অস্থায়ী ‘ফেয়ার ওয়েদার’ সেতু। এর ফলে বাংলা ও ওড়িশার মধ্যে অন্যতম সহজ ও সংক্ষিপ্ত যোগাযোগের পথটি আপাতত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ করে যোগাযোগ ব্যবস্থা এমন বিপর্যস্ত হয়ে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন দুই রাজ্যের নিত্যযাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর বর্ষা বিদায় নিলেই এলাকার মানুষজনের নিজস্ব উদ্যোগে বেলমূলা সদরঘাটে মোরাম, বালি ও কাঠ দিয়ে এই অস্থায়ী সেতুটি গড়ে তোলা হয়। এই পথ ধরে বাংলার দাঁতন থেকে খুব সহজেই ওড়িশার জলেশ্বর বা খড়িকায় যাতায়াত করা যায়। এর ফলে দুই রাজ্যের মানুষের সময় যেমন বাঁচে, তেমনই ব্যবসা-বাণিজ্যের সুবিধাও হয়। কিন্তু গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে সুবর্ণরেখার জল হু হু করে বাড়তে থাকায় এই অস্থায়ী কাঠামোটি জলের তোড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, নদীর জল বাড়ার কারণে দাঁতন থেকে খড়িকা যাওয়ার ফেরিঘাট সংলগ্ন সংযোগকারী রাস্তার একাংশও ধসে গিয়েছে। সহজ যোগাযোগের এই পথটি বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়েই সাধারণ মানুষকে এখন প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ ঘুরপথে গন্তব্যে যাতায়াত করতে হচ্ছে।

    রাস্তা ও সেতু ভেঙে যাওয়ার কারণে ওই পথে আপাতত চার চাকার যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কড়া সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে আশ্বাস দিয়ে জানানো হয়েছে, পরিস্থিতির সামান্য উন্নতি হলেই সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা স্বস্তি ফেরাতে দ্রুত নৌকায় পারাপারের ব্যবস্থা চালু করা হবে।

    তবে সুবর্ণরেখা নদীর জলস্তর পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই পথে গাড়ি চলাচল বন্ধই থাকবে। আচমকা এই বিপর্যয়ে স্থানীয় প্রশাসন গোটা পরিস্থিতির উপর নজর রাখছে এবং মানুষের দুর্ভোগ মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
  • Link to this news (News18 বাংলা)