• নভেম্বরেই রাজ্যে পৌর ভোট! পরিষেবা ফেরাতে কী ভাবছে সরকার জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং
    News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
  • নভেম্বরেই রাজ্যে পুর ভোট! ভাটপাড়া-সহ একাধিক পুরসভায় নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত দিলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। ব্যারাকপুর শিল্পাঞ্চল সহ একাধিক পুরসভায় আগামী নভেম্বর ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানালেন তিনি। শুক্রবার ভাটপাড়া পুরসভায় পুর প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে এমন ইঙ্গিত দেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

    বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া ও ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান থেকে কাউন্সিলর সকলের পদত্যাগের ফলে সাধারণ মানুষের নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। সেই পরিস্থিতিতে প্রশাসনিক গতি ফিরিয়ে আনতে এবং নাগরিক পরিষেবাকে আরও কার্যকর করতে দ্রুত পুরসভা নির্বাচন প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।

    তাঁর দাবি, নির্বাচন সম্পন্ন হলে নতুন জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করে উন্নয়নমূলক কাজ ও মানুষের পরিষেবা আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন। সে ক্ষেত্রে যারা ভালো কাজ করবেন তাদের জন্য পুরস্কারের ও ব্যবস্থা করা হবে বলে জানান পরিবহন মন্ত্রী। অপরদিকে যারা ঠিক মত কাজ করবেন না তাদের জন্য তিরস্কারও থাকবে।

    অন্যদিকে, অর্জুন সিংয়ের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন জগদ্দলের বিধায়ক ড.রাজেশ কুমার। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পুর প্রশাসন পরিচালিত হলে নাগরিক পরিষেবা আরও গতিশীল হবে এবং এলাকার সামগ্রিক পুর উন্নয়নও ত্বরান্বিত হবে। মানুষের স্বার্থেই দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন বলেও তিনি মত প্রকাশ করেন। নির্বাচন কমিশনের তরফে কবে ঘোষণা হয় এখন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

    রাজ্যে পালা বদলের পর থেকেই বিভিন্ন পুরসভায় কাউন্সিলাররা একের পর এক পদত্যাগ করায় ভেঙে পড়েছে পুর পরিষেবা। যার ফলে নানা সমস্যা উঠে আসছে। সে বিষয়ে সরকার ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে পুর পরিষেবা সচল রাখতে প্রশাসক বসানোর। বহু ক্ষেত্রে প্রশাসক বসিয়ে চালনা করা হচ্ছে পুরসভা গুলিকে।
  • Link to this news (News18 বাংলা)