প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন ‘প্রতিবাদী’। ‘দাঙ্গাবাজ’দের কেন প্রতিবাদী বলা হলো? নিন্দা বর্তমান মুখ্যমন্ত্রীর। বারুইপুরের ঘটনায় মমতার মন্তব্য নিয়ে এক্স হ্যান্ডলে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার বদল হলেও মমতা এখনও ‘তোষণের রাজনীতি’ বন্ধ করেননি বলে দাবি করেন শুভেন্দু।
বারুইপুরের ঘটনার প্রতিবাদে বুধবার মিছিল করে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। সেই মিছিলে গোলমাল হওয়ায় রাস্তায় নামতে দেখা গিয়েছিল মমতাকেও। বারুইপুরের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা জানান, বারুইপুরে প্রতিবাদীদের গ্রেপ্তার করা হচ্ছে। মমতার এই বক্তব্যের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডলে মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘নিজের দল আসল-নকলের লড়াইয়ে জর্জরিত ও নাজেহাল! তবুও আপনার কোনও পরিবর্তন হয়নি। সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি— এই তিনটি বদভ্যাস আপনার এখনও গেল না! এখনও পরিবর্তন এল না আপনার মধ্যে?’
বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের খোঁজ করার মাঝেই স্থানীয় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ওই যুবক নির্দোষ ছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু এ দিন লেখেন, ‘একজন নিষ্পাপ-নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে শুধুমাত্র নাম-পরিচয় দেখে চিহ্নিত করে নির্মম ভাবে গণপিটুনিতে মেরে ফেলেছে। এই উচ্ছৃঙ্খল লোকেরা, যারা পুলিশের গাড়ি জ্বালালো, যারা পুলিশকে মারল, রেল লাইন উপড়ে ফেলল, বিশৃঙ্খলা করল, আইন-শৃঙ্খলা ভঙ্গ করল, এলাকার শান্তি বিঘ্নিত করে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করল, তারা আপনাদের ভাষায় প্রতিবাদী?’
উল্লেখ্য, বারুইপুরে গণপিটুনির ঘটনা ও পুলিশকে লক্ষ্য করে ইট, কাচের বোতল ছোড়া, ভাঙচুর, এলাকা বিশৃঙ্খলার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।