নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। তার মৃত্যুর ঘটনার পর থেকেই কার্যত উত্তাল রাজ্য-রাজনীতি। গত মঙ্গলবার রাতে ঠিক কী ঘটনা ঘটেছিল? পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানানো হলেও এখনও প্রশ্ন মেলেনি অনেক কিছুরই। ফলে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে এবার সিআইডিকে তদন্তভার দিল রাজ্য প্রশাসন। তবে এর পাশাপাশি বিচারবিভাগীয় তদন্তও চলবে বলে জানা গিয়েছে। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে। ওই ঘটনার সময় অকুস্থলে উপস্থিত থাকা পুলিশ কর্মীদের নামের একটি তালিকা তৈরি করে ফেলেছে ভবানী ভবন। এছাড়া যে পুলিশকর্মীর গুলিতে প্রভাসের মৃত্যু হয়েছে তাঁর সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। ওই সময় ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল। কোন পরিস্থিতিতে গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সকল বিষয়ে বিস্তারিত ভাবে জানতে সেইদিন ঘটনাস্থলে থাকা সমস্ত পুলিশ কর্মীদের বক্তব্য আলাদা আলাদা ভাবে নথিভুক্ত করা হচ্ছে। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এছাড়া তদন্তকারীরা ঘটনার প্রতিটি মুহূর্ত, পুলিশি পদক্ষেপ, নিরাপত্তা ব্যবস্থা এবং অভিযুক্তের আচরণ সব কিছু সম্পর্কেই খুঁটিয়ে জেনেছেন। জানা গিয়েছে, বারুইপুর জেলা পুলিশ সুপার নিজেও ওই পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেছেন। পুরো বিষয়টি জানতে জেলা পুলিশের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই তদন্তের মূল উদ্দেশ্যই হল ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ মূল্যায়ন করা।