• কিশোরীকে ধর্ষণ, ধৃত সৎ বাবা ও দাদু
    বর্তমান | ০৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবা ও দাদুর বিরুদ্ধে। নির্যাতিতার স্কুলের শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে বুধবার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা হাবড়ার একটি স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া। বেশ কিছুদিন ধরে বাড়িতেই পরিবারের অন্যদের না থাকার সুযোগে সৎ বাবা এবং দাদুর যৌন লালসার শিকার হয় সে। অভিযোগ, কখনও সৎ বাবা, কখনও দাদু তাকে ধর্ষণ করে। নিজের পরিবারের দুই সদস্যের নির্মম যৌন অত্যাচারের ফলে মানসিকভাবে হতাশার মধ্যে চলে গিয়েছিল সে। স্কুলে ছাত্রীর অস্বাভাবিকত্ব নজরে আসে শিক্ষক-শিক্ষিকাদের। বিষয়টি নজরে আসতেই ছাত্রীর সঙ্গে কথা বলেন স্কুলের শিক্ষিকারা। এরপর নাবালিকা কান্নায় ভেঙে পড়ে। সৎ বাবা ও দাদুর কুকীর্তির কথা জানিয়ে দেয় সে। বুধবার কয়েকজন শিক্ষিকা হাবড়া থানায় এসে নির্যাতিতা সৎ বাবা ও দাদুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে বিকেলে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হবে।
  • Link to this news (বর্তমান)