বড়বাজারে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার মামলায় বেকসুর খালাস দুই
বর্তমান | ০৯ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজারের ব্যর্থতায় বড়বাজারে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া এক মামলায় বেকসুর খালাস পেলেন দুই অভিযুক্ত। দীর্ঘ এক যুগের বেশি সময় পর কলকাতার প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় দুই অভিযুক্তকে মামলা থেকে বেকসুর খালাস দেন। আদালতের মন্তব্য, পুলিশের আনা অভিযোগ আদালতে কোনওভাবেই প্রমাণিত হয়নি। এমনকী অস্ত্র আইনে যে মামলা দায়ের করা হয়েছিল, তার কোনও প্রমাণ মেলেনি আদালতে। অভিযুক্তদের তরফে কৌঁসুলি ফজলে আহমেদ খান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের মক্কেলদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা সাজানো হয়েছিল, কোর্টের রায়েই তা প্রমাণিত হয়ে গেল। ২০১৩ সালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বড়বাজার এলাকা থেকে শেখ নবাব সহ চারজনকে গ্রেপ্তার করে। সেই মামলা চলাকালে একজনের মৃত্যু হয়। একজন ‘ফেরার’। ফলে বাকি দু’জনের বিরুদ্ধে চলে বিচার। দীর্ঘ শুনানির শেষে দুই অভিযুক্তকে মামলা থেকে মুক্তি দেন বিচারক।