• ‘সব নিয়ে নিন...’, স্বামীকে বাঁচাতে স্ত্রীর কান্নাকাটির পরেও শুনলেন না উন্মত্ত যুবকেরা, ভয়াবহ কাণ্ড বেঙ্গালুরুতে
    এই সময় | ০৯ জুলাই ২০২৬
  • প্রবল যানজটে সামনের গাড়িতে হালকা ধাক্কা লেগেছিল মাত্র। তাতেই রেগে গিয়ে পিছনের গাড়ির চালক, পাশের সিটে বসা চালকের স্ত্রী এবং তাঁদের কোলের সন্তানকেও মারধরের অভিযোগ উঠল বেঙ্গালুরুতে। অভিযোগ, কয়েক জন যুবক উন্মত্ত হয়ে স্বামীকে মারধর করতে যাচ্ছেন দেখে হাতজোড় করে কাঁদতে কাঁদতে কাকুতি-মিনতি করেছিলেন স্ত্রী। বলেছিলেন, ‘আমার সব সোনার গয়না নিয়ে নিন আপনারা। কিন্তু ওঁকে ছেড়ে দিন।’ কিন্তু তার পরেও মারধর থামেনি।

    বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে ঘটনাটি ঘটে। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ স্ত্রী-সন্তানকে নিয়ে গাড়িতে করে এক্সপ্রেসওয়ে ধরে বাড়ি ফিরছিলেন সাগর কুমার। সেই সময়ে রাস্তায় প্রবল যানজট ছিল। তার মধ্যেই সাগরের গাড়িটি সামনের একটি গাড়িতে অসাবধানতাবশত ধাক্কা মেরে দেয়। সামনের গাড়িতে ৯ জন ছিলেন। তাঁরাই নেমে সাগরকে গাড়ি থেকে টেনে বার করে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ।

    ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। তাতেই দেখা গিয়েছে, কয়েক জন যুবক সাগরের গাড়িতে সজোরে লাথি মারছেন। সেই সঙ্গে চলছে অশ্রাব্য গালিগালাজ। সে সবের মধ্যে একজন আবার হেঁচকা টান দিয়ে সাগরের গাড়ির দরজা খোলার চেষ্টা করছেন। সাগরও প্রাণপনে চেষ্টা করছেন গাড়ির দরজা টেনে ধরে রাখার। কিন্তু শেষ পর্যন্ত তিনি পেরে ওঠেননি। সাগর বলেন, ‘ওরা (যুবকেরা) আমাকে, স্ত্রীকে এবং সন্তানকে মারধর করেছে। আমার স্ত্রী হাতজোড় করে হামলাকারীদের কাছে ক্ষমাও চান। এটাও বলে যে, আমার সমস্ত সোনার গয়না আপনারা নিয়ে নিন। কিন্তু আমাদের ছেড়ে দিন। তার পরেও হামলা চলে। ভাগ্যিস একটা ভিডিয়ো পাওয়া গিয়েছে। নইলে আমি হয়তো কোনও রকম আইন পদক্ষেপই করতে পারতাম না।’

    ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সাগর। তাঁর স্ত্রীও আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যেই হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। তার ভিত্তিতে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

  • Link to this news (এই সময়)