• আড়ংঘাটায় সোনার দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন
    দৈনিক স্টেটসম্যান | ০৯ জুলাই ২০২৬
  • ব্যবসায়িক শত্রুতার জেরে এক সোনার ব্যবসায়ীকে দোকানের মধ্যে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার আড়ংঘাটায়। জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম বিকাশ দাস। বয়স ৪৯।  আড়ংঘাটায় একটি ক্লাবের নিচে সোনার দোকান রয়েছে। ব্যবসায়িক শত্রুতার জেরে দোকানের মধ্যে বিকাশকে মাথায় ধারাল অস্ত্র দিয়ে কোপ মেরে খুন করা হয় বলে অভিযোগ।

    পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দোকান বন্ধের পরও বন্ধক রাখা সোনার গয়না ছাড়াতে আসার কথা থাকায় দোকানেই অপেক্ষা করছিলেন বিকাশ দাস। কিন্তু রাত হয়ে যাওয়ায় তিনি বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। এরপর স্থানীয় এক ব্যবসায়ীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দোকানে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

    দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা  বিকাশকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, দোকান থেকে সোনার গয়না এবং প্রায় তিন লক্ষ টাকা নগদ লুট করে পালিয়েছে অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মৃত ব্যবসায়ীর মোবাইল ফোনের কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)