• হঠাৎ চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত! কেন?
    আজকাল | ০৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফের মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুলে যান নিয়ন্ত্রণ। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আগামীকাল অর্থাৎ ১০ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হবে উড়ালপুল।

    গত জুন মাসেও মেট্রোর কাজের জন্য যান নিয়ন্ত্রণ করা হয় চিংড়িঘাটা উড়ালপুলে। জুলাই মাসের ৩ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত উড়ালপুল সাময়িক ভাবে বন্ধ রাখার কথা ছিল। কিন্তু হঠাৎই সেই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করা হয়। সকলের মনেই প্রশ্ন ছিল মেট্রোর বাকি কাজ কবে হবে তা নিয়ে। এ বার সেই সূচিই ঘোষণা করল কলকাতা পুলিশ।

    কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত এই দিনগুলিতে রাত ৮টা থেকে পরবর্তী সোমবার সকাল ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। চিংড়িঘাটা উড়ালপুলে ওই সময়ে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। বিশ্ববাংলা সরণিতে সুকান্ত নগরের কাছে পিলার ৩২৬ থেকে পিলার ৩২৭-এর মধ্যে মেট্রোর বাকি কাজ হবে।

    পুলিশের তরফে যাত্রীদের উদ্দেশে পরামর্শও দেওয়া হয়েছে। জানানো হয়েছে, উড়ালপুলে যান চলাচলের কথা মাথায় রেখেই যাত্রীদের নিজেদের কর্মক্ষেত্রে যাওয়ার বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। উত্তর দিকে যাতায়াতকারী সমস্ত যানবাহনকে এই ক'দিন বেলেঘাটা মেন রোড এবং ই এম বাইপাস ক্রসিং ধরে ব্রডওয়ের দিকের রাস্তা ব্যবহার করতে হবে।

    উল্লেখ্য, এ বারের বাজেটে চিংড়িঘাটা নিয়ে বিরাট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। দিনের ব্যস্ত সময়ে ওই রাস্তা পার করতে অনেকটা সময় নষ্ট হয় যাত্রীদের। অর্থমন্ত্রী জানিয়েছেন, নিউটাউন অঞ্চলের সঙ্গে মধ্য কলকাতার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে একটি ৭.৪১ কিমি দীর্ঘ চিংড়িঘাটা-নিউটাউন এলিভেটেড করিডর করার প্রস্তাব করেছেন।এই করিডরটি ইএম বাইপাস এবং সল্টলেক সেক্টর ফাইভ-কে যুক্ত করবে এবং যানজট কমিয়ে নিউটাউনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে তাঁর আশা। অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, করিডরটিতে ব়্যাম্প, এলিভেটেড পার্কিং বেস, নয়েজ ব্যারিয়ার, সেতুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা এবং সিসিটিভি-র নজরদারির ব্যবস্থাও চালু হবে।

     
  • Link to this news (আজকাল)