আজকাল ওয়েবডেস্ক: টানা অস্বস্তির পর, বৃহস্পতিতে কিছুটা স্বস্তি পেল কালীঘাট তৃণমূল। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, তহবিল নিয়ে টানাপোড়েনের মাঝে স্বস্তির নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার, সৌগত ভট্টাচার্যর বেঞ্চের পর্যবেক্ষণের পর, অন্তবর্তী নির্দেশ দিয়েছে। তাতে জানানো হয়েছে, এই মামলায় আদালত স্পেশাল অফিসার। দলের ব্যাঙ্ক সংক্রান্ত নথিতে সাক্ষর করার অধিকারীরা, দলের দৈনন্দিন প্রয়োজনের অর্থের জন্য তিন অ্যাকাউন্টের চেক পাঠাবেন স্পেশাল অফিসারদের কাছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখে তাতে সাক্ষর করবেন। তারপরেই ব্যাঙ্ক থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবে মমতা শিবির। অর্থাৎ, স্পেশাল অফিসারদের হাতে থাকবে মূলত বিষয়টি পরিচালনা করার ক্ষমতা।
সূত্রের খবর, অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে এই মামলায় স্পেশাল অফিসার করার কথা জানিয়েছে আদালত। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রিজ হয়ে যাওয়া ওই তিন অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষ্যটি পরিচালিত হবে তাঁর মাধ্যমেই।
সূত্রের খবর, এদিন শুনানিতে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, 'সংবিধান সব রাজনৈতিক দলকেই সমানাধিকার দেওয়ার কথা বলে। এমন ঘটনা রাজনীতিতে আগে কখনও হয়নি। '১৮ জুন অভিযোগ, ১৯ আকাউন্ট ফ্রিজ করা হয়, ওই প্রসঙ্গ তুলে আনেন তিনি। ওই অ্যাকাউন্টগুলি থেকে, অভিযোগকারী বিধায়কেরাও টাকা নিয়েছেন, সেই প্রসঙ্গও তুলে আনেন তিনি।
সূত্রের খবর, বিচারপতি জানান, 'অভিযোগ কেউ করতেই পারে। এক্ষেত্রে তৃণমূলের একাংশ অভিযোগ করেছে৷ অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত করতেই পারে।' সূত্রের খবর, দৈনন্দিন খরচ, আইনি খরচ চালাতে পারবে কালীঘাট তৃণমূল। ২১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তবে যেহেতু এখন দলের প্রতীক-নাম নিয়ে টানাটানি চলছে, জল গড়িয়েছে কমিশন পর্যন্ত, ফলে তার চূড়ান্ত সিদ্ধান্ত হলে, এই নির্দেশের পরিবর্তন চেয়ে পুনরায় আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে বলে জানানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২১ সেপ্টেম্বর।