• কঠোরতম শাস্তি হোক বাকিদেরও... এনকাউন্টার ঘিরে একই সুর হাঁসখালি নির্যাতিতার পরিবার ও তামান্নার মার
    News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
  • বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার অন্যতম অভিযুক্তের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে যখন তুমুল বিতর্ক, তখন অতীতে নারী নির্যাতন ও হত্যা মামলার নির্যাতিত পরিবারের প্রতিক্রিয়াও উঠে এসেছে সামনে। হাসখালি গণধর্ষণকাণ্ডের নির্যাতিতার পরিবার এবং কালীগঞ্জের তামান্না হত্যা মামলার পরিবার উভয়েই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।

    সংবাদমাধ্যমে হাসখালি গণধর্ষণকাণ্ডের নির্যাতিতার মা বলেন, “পুলিশ এবং মুখ্যমন্ত্রী যেন এই ধরণের অপরাধীদের ক্ষেত্রে এমন কঠোর পদক্ষেপই বজায় রাখেন। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নয়, যারা এই ধরনের নৃশংস অপরাধ করে বা ধর্ষণ করে, তাদের এভাবেই গুলি করে মারা উচিত। তবেই সমাজে সঠিক বিচার মিলবে।” সংবাদমাধ্যমের প্রতিনিধি যখন তাকে প্রশ্ন করেন যে, আইন অনুযায়ী বিচার না করে এভাবে সরাসরি এনকাউন্টার করে মারা কি আদতেও সঠিক? তার জবাবে তিনি স্পষ্ট জানান, “হ্যাঁ, এটাই সঠিক বিচার। অপরাধীদের এমন উপযুক্ত শাস্তি হওয়াই দরকার, যাতে পরবর্তীতে আর কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়।” উল্লেখ্য, হাঁসখালির গণধর্ষণ ও মৃত্যুর ঘটনার পর থেকেই সুবিচারের দাবিতে সরব নির্যাতিতার পরিবার। বারুইপুরের এই এনকাউন্টারের ঘটনা তাদের সেই ক্ষোভ ও বিচার পাওয়ার আকাঙ্ক্ষাকেই যেন আরও একবার উস্কে দিয়েছে।

    অন্যদিকে, কালীগঞ্জের তামান্না হত্যা মামলায় নিহত কিশোরীর মা সাবিনা ইয়াসমিন বারুইপুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন,  “মেয়ে হারানোর যন্ত্রণাটা আজ একটু হলেও কমেছে। যে অপরাধীকে সরিয়ে দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে অন্তত একজন শাস্তি পেল। তবে এতেই সব শেষ নয়। এই মামলার বাকি অভিযুক্তদেরও ফাঁসির সাজা দিতে হবে। সরকারের কাছে আমার আবেদন, কেউ যেন ছাড় না পায়।” তিনি আরও বলেন, “আমার মেয়ে তামান্না খুন হওয়ার পর বারবার বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় গিয়েছি। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি। একটাই দাবি ছিল—অপরাধীদের ফাঁসি দিতে হবে। কিন্তু এক বছর কেটে গেলেও এখনও বিচার পাইনি।”

    বারুইপুরে কিশোরীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস। এই নিয়ে এবার মুখ খুললেন নিহত কিশোরীর বাবা। মৃত কিশোরীর বাবা জানান, প্রভাস মন্ডলের গুলিতে মৃত্যু শাস্তি হিসেবে দেখছি। পূর্ণ আাস্থা আছে মুখ্যমন্ত্রীর উপর৷ সেই সঙ্গে অগ্নিমিত্রা পাল তার সঙ্গে যোগাযোগ রাখছেন, বলে জানান তিনি।
  • Link to this news (News18 বাংলা)