• দক্ষিণের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহের শেষে ফের দুর্যোগের পূর্বাভাস
    আজ তক | ০৮ জুলাই ২০২৬
  • দক্ষিণবঙ্গে আপাতত বড়সড় দুর্যোগের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি আরও জোরদার হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সপ্তাহের শেষের দিকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

    বুধবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও আবহাওয়ার খুব একটা পরিবর্তনের ইঙ্গিত নেই। ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    কলকাতার আকাশ বুধবার সারাদিনই মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

    উত্তরবঙ্গে অবশ্য পরিস্থিতি অনেক বেশি প্রতিকূল হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ঝড়বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুর ও মালদহ বাদে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি ও দুর্যোগের তীব্রতা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

     
  • Link to this news (আজ তক)