'উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এক হতে চলেছে'! দাবি মন্ত্রীর
আজকাল | ০৮ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশি এনকাউন্টারে মৃত। এই এনকাউন্টার প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য।
এদিন ভাস্করের বক্তব্য, 'আমরা এনকাউন্টার করতে করতে জিতেছি, গুলির শব্দ আপনারা শোনেননি, ভাষার শব্দ শুনেছিলেন। উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এক হতে চলেছে। যদি এখানে আইনের শাসন কেউ না মানেন, শাসন যাঁরা না মেনে চলে যাওয়ার চেষ্টা করছেন, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন, তাঁদের সঙ্গে যা হওয়ার তাই হচ্ছে। রাজ্যবাসীকে খুশি করার জন্যই সরকার, সরকার রাজ্যের জন্য এবং রাজ্যবাসীর জন্য, রাজ্যবাসী সরকারের জন্য।'
তাঁর আরও বক্তব্য, 'যে ধরনের ঘটনা বারুইপুরে ঘটেছে এ ঘটনা কাঙ্ক্ষিত নয়। আমাদের সরকারের সময়ে এই ঘটনা আমরা হতে দেব না। হয়ে গেছে, তার জন্য যার যা প্রাপ্য শাস্তি সেটাই তারা পাবে।'
মুখ্যমন্ত্রী বলেছিলেন, সকালে জমা করব, বিকেলে খরচ হবে। বারুইপুরের এনকাউন্টার কি তাই? ভাস্কর ভট্টাচার্য বলেন, 'নিশ্চয়ই তাই হবে। আইনও সেভাবে আনা হয়েছে। নতুন ভারতীয় ন্যায় সংহিতা যেটা আনা হয়েছে, সেখানে আর সেই ব্যবস্থা নেই। বেল নিয়ে বেরিয়ে আবার যা ইচ্ছা তাই করব এটা হবে না। ২০০ জনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। যে অভিযুক্ত তার বাইরেও যাঁরা তাকে সমর্থন করছেন, আশ্রয় দিচ্ছেন, তাঁরাও অভিযুক্ত।'
নরেন্দ্রপুরে বাবা-ছেলেকে অপহরণ করার অভিযোগ, তাঁদের বিজেপি অফিস থেকে উদ্ধারের ঘটনা প্রসঙ্গে এদিন তিনি বলেন, 'পুলিশ তদন্ত করবে। আমরা তো তদন্তকারী নই। পুলিশের উপর সম্পূর্ণ দায়িত্ব দেওয়া আছে। আইন আইনের মতো চলবে। আগের মতো আইন নেই। যেভাবে দেখবে তার গতিপ্রকৃতি অনুযায়ী সেই ধরনের ব্যবস্থা হবে।'